Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নালার কাজ নিম্নমানের, বন্ধ করলেন এলাকাবাসী

নালার কাজ নিম্নমানের, বন্ধ করলেন এলাকাবাসী
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: নিকাশি নালা তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। সরকারি সিডিউল মেনে কাজ হচ্ছে না। এই অভিযোগে শনিবার সকালে তেহট্টের কৃষ্ণ রায় মন্দির পাড়ায় নিকাশি তৈরির কাজ বন্ধ করে দেন বাসিন্দারা। ঘণ্টাখানেক বচসার পর ঠিকাদার সঠিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। কাজ শুরু হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণরায় মন্দির থেকে জিতপুর মোড় যাওয়ার রাস্তায় নিকাশি নালা সংস্কারের জন্য দু’সপ্তাহ আগে মাটি খোঁড়া শুরু হয়। তারপর বেশ কিছুদিন কাজ বন্ধ থাকে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই কাজ শুরু হয়। বাসিন্দাদের অভিযোগ, সেই কাজও হচ্ছে নিম্নমানের।  বাসিন্দারা জানান, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির তরফে ১১৮মিটার নিকাশি নালার জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইটের গাঁথনি ১৫ ইঞ্চি হওয়ার কথা, কিন্তু তা ১০ ইঞ্চির করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দা বাবুসোনা রজক বলেন, সিডিউল মেনে কাজ হচ্ছিল না। তাই বাসিন্দারা কাজে বাধা দেন। ওই কাজের ঠিকাদার অজয় হালদার বলেন, কাজ এখন ঠিক ভাবেই হচ্ছে। সমস্যা নেই। তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকমল বিশ্বাস বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ