সংবাদদাতা, মেদিনীপুর: নলপুর স্টেশনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় শনিবার সকাল থেকে খড়্গপুর সহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এদিন ভোরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার নলপুর স্টেশনের কাছে ডাউন সেকেন্দ্রবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়। ফলে এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়া ও শালিমারগামী সমস্ত লোকাল ট্রেন বাতিল হয়ে যায়। খড়্গপুর, মেদিনীপুর সহ বিভিন্ন স্টেশনে যাত্রী দুর্ভোগ দেখা দেয়। দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেনও। দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হয়। ফলে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর যাঁরা লোকাল ট্রেনে হাওড়া বা শালিমার যাওয়ার জন্য এসেছিলেন, তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যেতে হয়।
Advertisement
দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগ সূত্রে জানা গিয়েছে, কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়। কয়েকটি দূরপাল্লার ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। খড়্গপুরের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণা বলেন, খড়্গপুর স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের প্রায় আট হাজার যাত্রী আটকে পড়েন। তাঁদের বাসে করে হাওড়া পৌঁছনোর ব্যবস্থা করা হয়। তবে এত সংখ্যক বাস পেতে সমস্যাতেও পড়তে হয়। এর জন্য বিভিন্ন কারখানা থেকে বাস নেওয়া হয়। তিনি বলেন, খড়্গপুর স্টেশনে ছ’টি ট্রেন আটকে পড়ে। এছাড়াও মেচেদা, উলুবেড়িয়া সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনের যাত্রীদের সড়ক পথে হাওড়া পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রীরা বলেন, যাত্রীর তুলনায় বাসের সংখ্যা খুবই কম ছিল।



