Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে শুরু কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ

নলহাটিতে শুরু কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে। এই স্লোগানকে সামনে রেখে নলহাটি পুরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গড়ে তোলার সূচনা হল। বৃহস্পতিবার নলহাটি শহর লাগোয়া খাঁপুর মৌজায় সাড়ে চার একর জায়গাজুড়ে এই প্রকল্প গড়ে তোলার কাজের সূচনা করেন এলাকার বিধায়ক তথা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রাজেন্দ্রপ্রসাদ সিং। তাঁর মতে, পরিবেশ আবর্জনামুক্ত থাকলেই মানুষ হবে রোগমুক্ত। গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর সমাজ। সেই উদ্দেশেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প গড়ে তুলতে সুডা থেকে নলহাটি পুরসভাকে ২ কোটি ৮১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। পুর এলাকায় আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও সেই আবর্জনা নষ্ট করার ব্যবস্থা ছিল না। ফলে যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। যার ফলে থাবা বসায় ম্যালেরিয়া, টাইফয়েড থেকে ডেঙ্গু। বছর খানেক আগে ডাম্পিং গ্রাউন্ড করতে খাঁপুর মৌজায় সেচদপ্তরের জায়গা চেয়ে আবেদন করে পুরসভা। কয়েকমাস আগে সেই সাড়ে চার একর জমি হস্তান্তরিত হয়। সেখানে ছোট আকারে একটি প্রকল্প গড়ে তোলে পুরসভা। পচনশীল আবর্জনা থেকে সার উৎপাদনও শুরু হয়েছে। এবার বড় আকারে সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার কাজ শুরু করল পুরসভা।  অনেকদিন আগেই শহরের প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ শুরু করেছে পুরসভা। নয়া প্রকল্পে সেই আবর্জনা থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু আলাদা করা হবে। পুরসভা থেকে জানানো হয়েছে, পচনশীল বস্তু থেকে সার ও অপচনশীল বস্তু থেকে প্লাস্টিক উৎপাদন করে সরকারি নিয়মে বিক্রি করা হবে।  রাজেন্দ্রবাবু বলেন, প্রতিদিন এখানে ১৪ মেট্রিক টন আবর্জনা থেকে সার ও প্লাস্টিক উৎপাদন করা হবে। শহরকে পরিষ্কার রাখতেই এই উদ্যোগ। রাজ্য সরকারের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে চলেছি।  শহরের বাসিন্দারা জানান, আগে শহরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ফেলা হতো। তাতে দুর্গন্ধ ছড়াত, সেই সঙ্গে নানা রোগ ছড়ানোর সম্ভাবনা থাকত। আশা করছি, এই উদ্যোগের ফলে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। 
সম্পর্কিত সংবাদ