Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে রেল লাইনের ট্র্যাক থেকে লোহার পাত চুরির অভিযোগে ধৃত ১

নলহাটিতে রেল লাইনের ট্র্যাক থেকে লোহার পাত চুরির অভিযোগে ধৃত ১
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রেল লাইনের ট্র্যাক থেকে লোহার পাত চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল নলহাটি আরপিএফ। ধৃতের নাম আসিবুল শেখ। বাড়ি মুরারইয়ের কনকপুর গ্রামে। সে পেশায় লোহার ভাঙাচোরা কেনার ব্যবসায়ী। তার কাছ থেকে চুরি যাওয়া ছ’টি লোহার পাত উদ্ধার হয়েছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনের বাঁশলৈ ব্রিজ স্টেশনের কাছে ট্র্যাক থেকে লোহার পাত চুরি যাচ্ছিল। এই পাতগুলি সিমেন্টের স্লিপারের সঙ্গে নাট বোল্টের মাধ্যমে লাগানো থাকে, যাতে স্লিপার থেকে লাইন আলাদা না হয়। পাতগুলি বেশ শক্ত এবং ভারী। রাতের দিকে সেই নাট বোল্ট খুলে পাত চুরি করে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা। ট্র্যাকের নজরদারির দায়িত্বে থাকা রেল কর্মীরা বিষয়টি আরপিএফকে জানান।
Advertisement
নলহাটি আরপিএফ ইনসপেক্টর সকলদেব কুমার বলেন, ট্র্যাকের অংশ চুরি করার ফলে ঘটতে পারে ভয়াবহ ঘটনা। দ্রুত গতিতে চলা ট্রেন বেলাইন হয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। প্রচুর প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তদন্তে নেমে আরপিএফ জানতে পারে, কাছাকাছি মুরারইয়ের কনকপুরের একজন চুরির লোহার সামগ্রী কেনে। সেইমতো শনিবার রাতে ফোর্স নিয়ে তার বাড়িতে হানা দেয় আরপিএফ। বাড়ি সংলগ্ন দোকানে তল্লাশি চালান তাঁরা। তাতেই উদ্ধার হয় রেলের চুরি যাওয়া ছ’টি লোহার পাত। এরপরই ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এক আরপিএফ কর্তা বলেন, অনেক সময় নাশকতা ঘটাতে রেল লাইন অর্থাৎ ট্র্যাককে টার্গট করে দুষ্কৃতীরা। বর্তমানে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটছে। আর সেই কারণে রেল পুলিস নজরদারি বাড়িয়ে তুলেছে। দিন হোক কিংবা রাত, সংশ্লিষ্ট লাইন ধরে পরীক্ষা চালানো হচ্ছে। তিনি বলেন, আগে এগুলি চুরি হতো না। এই পাতের গায়ে এমন চিহ্ন দেওয়া থাকে, যাতে দুষ্কৃতীকে সহজেই ধরা যায়। এই সমস্ত কারণেই চুরি করার সাহসও দেখাত না কেউ। এখন কিছু লোক ট্রেনকে দুর্ঘটনার মুখে ঠেলে দিয়েও টাকা কামাতে চায়। এরকম একটা চক্র গড়ে উঠেছে। সকলদেব বলেন, ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, কার কাছ থেকে এই ট্র্যাকের অংশগুলি সে কিনেছে। তাকে ধরতে পারলে নানা তথ্য বেরিয়ে আসবে। সেই সঙ্গে রেল লাইনকেও বিশেষ নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে।  
সম্পর্কিত সংবাদ