সংবাদদাতা, রামপুরহাট: পাথর শিল্পের দূষণের প্রতিবাদে সোমবার নলহাটি-১ ব্লক অফিসে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন টিইউসিসির সদস্যরা। নেতৃত্ব দেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা দলের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়। এদিন জাতীয় সড়কের নেতাজি মোড়ে দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে তাঁরা ব্লক অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ব্লক অফিসে স্মারকলিপি জমা দেন।
Advertisement
দীপকবাবু বলেন, নলহাটির পাথর শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত ধুলোর জন্য বাসিন্দাদের জীবন জেরবার। তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। ওই এলাকাগুলিতে সিলিকোসিস রোগীর সংখ্যা বাড়ছে। তাঁদের চিহ্নিত ও চিকিৎসার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে। তাঁদের পুনর্বাসন, অনুদান ও পেনশন দেওয়া হচ্ছে কি না, সেসব জানতেই এই ডেপুটেশন। এব্যাপারে বিডিও সৌরভ মেহেতাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। মেসেজ করলেও উত্তর দেননি।



