সংবাদদাতা, রামপুরহাট: পূর্ব আক্রোশবশত পড়শি যুবককে খুনের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রামপুরহাট আদালতের এডিজে সৌগত রায়চৌধুরী এই সাজা ঘোষণা করেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০১৩ সালের ৯ অক্টোবর গভীর রাতে নলহাটির কাঁটাগড়িয়া গ্রামে। পূর্ব আক্রোশবশত ওই গ্রামের সফিউর রহমান সহ কয়েকজন পড়শি জিয়ার আলি নামে বছর সাতাশের এক যুবককে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় এনে ছুরি দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে প্রথমে লোহাপুর ব্লক হাসপাতালে ও পরে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরের দিন সফিউর ও তার সঙ্গী সিকেন্দর আলির নামে থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন মা আয়েশা বেওয়া। অভিযোগের ভিত্তিতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে ৩০২ ধারায় মামলা শুরু করে। পরে রামপুরহাট আদালত থেকে তারা জামিনে মুক্ত হয়। সেই মামলায় বৃহস্পতিবার আদালত সফিউর রহমানকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে ৫১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও একমাস জেল। অন্যদিকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পান সিকেন্দর।



