সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতার নাম রিয়া লেট (২০)। বাপের বাড়ি নলহাটির উত্তর ভদ্রপুর গ্রামে। বছর চারেক আগে নলহাটির হামিদপুরে তাঁর বিয়ে হয়। সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার ম্যাজিস্টেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস জানিয়েছে, মৃতার পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হলেও লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে পাইকরে মসিবুল শেখ (২৭) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে তাঁকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিস পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে।



