সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে বাড়ি থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতার নাম প্রিয়া কেশরী(১৫)। তার বাড়ি নলহাটি পুরসভার ৫নম্বর ওয়ার্ডের নেতাজি রোডে। সে নলহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার রাতের খাওয়া সেরে প্রিয়া নিজের ঘরে ঘুমোতে যায়। রাত ১১টা নাগাদ পরিবারের সদস্যরা দেখেন, গলায় গামছা জড়িয়ে সে সিলিং ফ্যান থেকে ঝুলছে। তড়িঘড়ি তাকে নামিয়ে নলহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার জেঠু সনু কেশরী বলেন, ভাইঝির আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। ওর মোবাইল খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে। পুলিস জানিয়েছে, এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



