Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটি-সাহেবগঞ্জ রেললাইনে ছিনতাই চক্র সক্রিয়, সতর্কতা

নলহাটি-সাহেবগঞ্জ রেললাইনে ছিনতাই চক্র সক্রিয়, সতর্কতা
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শীতের সময় বেড়ানোর মরশুম। অনেকেরই বাড়িতে মন টিকছে না। সময় পেলে ট্রেনে চেপে বাড়ি থেকে কিছু দূরে ঘুরে আসছেন। কিন্তু এই সময়েই সক্রিয় হয়ে উঠেছে ট্রেনে চুরি–ছিনতাই চক্র। বিশেষত নলহাটি-সাহেবগঞ্জ লাইনে এই চক্র অতিসক্রিয় হয়ে উঠেছে। যাত্রীরা সামান্য অসতর্ক হলেই কখনও তাঁদের পকেট থেকে মানিব্যাগ হাতসাফাই করা হচ্ছে। আবার কখনও মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পালাচ্ছে ছিনতাইবাজ। এই পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক করতে চলন্ত ট্রেনে হ্যান্ড মাইক নিয়ে প্রচার শুরু করেছে আরপিএফ। রেলের নিরাপত্তা-সংক্রান্ত হেল্পলাইন নম্বরও যাত্রীদের মধ্যে বিলি করেছেন তাঁরা।
Advertisement
প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেন ধরে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেন। শীতকালে অনেকে একটু দূরে বেড়াতেও যাচ্ছেন। এই পরিস্থিতিতে মূলত নলহাটি থেকে সাহেবগঞ্জ স্টেশনের মধ্যে চুরি-ছিনতাই ঘটছে। চোখের নিমেষে মোবাইল, মানিব্যাগ হাতসাফাই তো হচ্ছেই। কখনও কখনও ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রীর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ট্রেন থেকে নেমে পালাচ্ছে দুষ্কৃতীরা। অন্যমনস্ক যাত্রীর ব্যাগ নিয়ে নেমে পড়ার ঘটনাও ঘটছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আলাপ জমিয়ে চা-বিস্কুটের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে যাত্রীদের সামগ্রী লুটের ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে যাত্রীরা যাতে নিজেদের সুরক্ষিত রেখে ট্রেনে সফর করেন, সেজন্য বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন ট্রেনে হ্যান্ডমাইক নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করল নলহাটি আরপিএফ। ট্রেন ঢোকার সময়ও ব্যানার হাতে যাত্রীদের সচেতন করছে তারা। 
আরপিএফের বার্তা, চলন্ত ট্রেনে নামা বা ওঠার চেষ্টা করবেন না। অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু খাবেন না বা নেবেন না। ভিড় ট্রেনে দরজার সামনে দাঁডাবেন না। ঠেলাঠেলিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারেন। চার্জে দেওয়ার সময় মোবাইল নিজের হাতে ধরে থাকুন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে মোবাইল ব্যবহারে সতর্ক থাকুন। প্রয়োজনে নিরাপত্তা-সংক্রান্ত হেল্পলাইন ১৩৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষ যাত্রীরা মহিলা এবং বিশেষভাবে সক্ষমদের কোচে ভ্রমণ করবেন না। বেআইনি মদ, দাহ্যসামগ্রী, বন্যপ্রাণী নিয়ে নিয়ে ট্রেনে ওঠাও অপরাধ। চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধেও বিশেষ প্রচার চালানো হয়েছে। নলহাটির আরপিএফ ইন্সপেক্টর সকলদেব কুমার বলেন, ট্রেনযাত্রীরা যাতে সতর্ক ও সজাগ থাকেন, সেজন্য প্রচার করা হচ্ছে। কোনও সমস্যায় পড়লে ১৩৯ হেল্পলাইন নম্বরে যাত্রীরা ফোন করতে পারেন। তাহলে পরবর্তী স্টেশনেই আরপিএফ সেই যাত্রীকে সাহায্য করবে। বিনা কারণে চেন টেনে ট্রেন থামালে শাস্তির মুখে পড়তে হবে।
সম্পর্কিত সংবাদ