সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি জংশনে রেল অবরোধের ঘটনায় দায়ের করা হল মামলা। রেলের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলায় নলহাটি নাগরিক মঞ্চের সভাপতি, সম্পাদক সহ নয়জনের নাম দেওয়া হয়েছে। সেই ঘটনায় আরও ২৫০-৩০০ জন ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। নলহাটির আরপিএফ ইন্সপেক্টর সকলদেব কুমার বলেন, রেলওয়ে অ্যাক্টের ১৪৫, ১৪৬, ১৪৭, ১৫৪ ও ১৭৪ (এ) ধারায় মামলা শুরু হয়েছে। শুক্রবার অভিযুক্তদের কাছে সমন পাঠিয়ে দেওয়া হয়। যদিও নাগরিক মঞ্চের সভাপতি সনকা বিশ্বাস সাফ বলেছেন, রেল যতই কেস দিক ভয় পাই না। জনস্বার্থে একরম সামাজিক আন্দোলনের জন্য জেলে গেলেও অসুবিধের কিছু নেই। দাবি পূরণ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে শামিল হব। আপ ও ডাউন কাঞ্চনজঙ্ঘা, কুলিক ও ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে নলহাটি জংশনে। এছাড়াও যাত্রী সুবিধার্তে স্টেশনের উন্নয়ন ও করোনা কালে বন্ধ থাকা ট্রেন ফের চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে নলহাটি নাগরিক মঞ্চ। এই দাবিতে বেশ কয়েকবার রেল অবরোধের ডাক দিয়েও রেল কর্তাদের আশ্বাসে প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি পালন না করায় ১ ডিসেম্বর তাঁরা রেল অবরোধের ডাক দেন। তার আগে এই মর্মে রেলকে বেশ কয়েকবার চিঠিও দেন। কিন্তু উত্তর না পেয়ে ওইদিন সকালে নলহাটি স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং গেটে রেল লাইনে নেমে প্রায় দু’ঘণ্টা রেল অবরোধ করেন তাঁরা। অবরোধের জেরে রামপুরহাট জংশনে ৪০মিনিট দাঁড়িয়ে থাকতে হয় হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত, নলহাটি ঢোকার মুখে সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ছাড়াও বিভিন্ন স্টেশনে নানা দূরপাল্লার ও লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। সেই ঘটনায় রেলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাগরিক মঞ্চের আন্দোলনকারীদের পাশাপাশি আরও অনেকে ছিল বলে উল্লেখ করা হয়েছে। নলহাটি আরপিএফ ইন্সপেক্টর সকলদেব কুমার বলেন, ওইদিন রেল অবরোধের জন্য বেশকিছু এক্সপ্রেস, লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তি হয়। তাই ন’জনের নামে মামলা করা হয়েছে। বাকিদের চিহ্নিত করা গেলে তাঁদের নামও যুক্ত করা হবে। যদিও নাগরিক মঞ্চের সদস্যরা জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। আমরা রেলকে আগাম জানিয়েই এই আন্দোলন করেছিলাম। স্বাধীনতার এত বছর পরও এই স্টেশনে রেল যোগাযোগ ব্যবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। আমরা রেল কর্তাদের ১৬ বার রিমাইন্ডার দিয়ে কোনও উত্তর না পেয়ে অবরোধ করতে বাধ্য হয়েছিলাম। রেলের দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে নলহাটিবাসীর আন্দোলন জারি থাকবে।



