নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: বৃহস্পতিবার রাতে দু’জন সুপারি কিলারকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিস। ধৃতদের নাম রাজদিল মল্লিক ও রাজিবুল হক। ধৃতদের বাড়ি ধুবুলিয়া থানার রুকুনপুর এলাকায়। ধৃতদের শুক্রবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক তাদের ছ’দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তারা বড় কোনও অপরাধের পরিকল্পনা করছিল বলে পুলিস জানতে পেরেছে। তার জন্য ৫০ হাজার টাকা সুপারি নিয়েছিল তারা। সেই টাকা দিয়েই একটা ইমপ্রোভাইস পাইপগান ও তিন রাউন্ড গুলি কিনেছিল তারা। সেগুলি পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিসের অনুমান, নাকাশিপাড়ার পঞ্চায়েতের কোনও জনপ্রতিনিধিকে টার্গেট করেছিল সুপারি কিলাররা। যদিও ওই নেতার নাম জানা যায়নি। বৃহস্পতিবার রাতে বামনডাঙা এলাকায় পুলিস অভিযান চালায়।



