সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল শহরের নিকাশি নালা থেকে বাসচালকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম স্বরূপ মুদি(৪৫)। হুগলি জেলার আরামবাগে তাঁর বাড়ি। এদিন সকালেই কুশপাতায় ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশের নালা থেকে মৃতদেহ উদ্ধার হয়। এদিনই পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্বরূপবাবু ঘাটাল-আরামবাগ রুটের বাস চালাতেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিন রাস্তার পাশের নালা থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয় দোকানদাররা জানান, সোমবার সকাল থেকেই এলাকায় দুর্গন্ধ বের হচ্ছিল। এদিন সকালে সেই দুর্গন্ধ আরও বাড়ায় তাঁদের সন্দেহ হয়। তখনই ড্রেনের মধ্যে একটি মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেওয়া হয়। ড্রেন সংলগ্ন এলাকাতেই ওই বাসটি রাতে রাখা থাকত। রাতে কোনওভাবে ড্রেনে পড়ে গিয়েই ওই বাসচালকের মৃত্যু হতে পারে বলে পুলিসের প্রাথমিক অনুমান।



