Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশি নালা আবর্জনা জমে বেহাল, জল জমে থাকায় মশাবাহিত রোগের আশঙ্কা

নিকাশি নালা আবর্জনা জমে বেহাল, জল জমে থাকায় মশাবাহিত রোগের আশঙ্কা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: নিকাশি নালার মুখে প্লাস্টিক সহ নানা আবর্জনা জমা রয়েছে। ফলে বুদবুদের বেশ কিছু এলাকায় জল নিকাশি প্রায় বন্ধ। দিনের পর দিন নালাগুলিতে জল জমে থাকায় সেখানেই জন্মাচ্ছে মশার লার্ভা। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে নালা পরিষ্কারের ব্যবস্থা করা হোক।
Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বুদবুদ এলাকায় রয়েছে একাধিক নালা। কিন্তু বেশ কিছু নালায় জল জমে থাকছে। ফলে ডেঙ্গুর আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, নালায় জল জমে থাকছে। দূষিত সেই জলে মশার লার্ভা বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, জমা জল পরিষ্কার করা না হলে এলাকার বাসিন্দারা ডেঙ্গু সহ মশাবাহিত রোগে আক্রান্ত হবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই এলাকায় সেনা ছাউনি তৈরি করা হয়। তখন থেকেই বুদবুদের গড়ে ওঠে এই বাজার। পরবর্তীকালে বাজারটি বাড়তে শুরু করেছে। সাতশোরও বেশি ছোট বড় দোকান রয়েছে বুদবুদ বাজারে। সময়ের সাথে পাল্লা দিয়ে বুদবুদের বাড়ছে জনসংখ্যা। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু নিকাশী নালা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না।
বুদবুদের উদয়নপল্লী, গার্লস স্কুল পাড়ায় রয়েছে ডিভিসি ক্যানাল। স্থানীয়রা বলেন, ক্যানেলে জল জমে গাড় কালো রং ধারণ করেছে। প্লাস্টিক, থার্মোকল সহ নানা জিনিস জলে ভাসছে। মশার উপদ্রব অনেকটাই বেড়েছে। স্থানীয় বাসিন্দা সুরজ সাউ বলেন মশাবাহিত বায়ুবাহিত প্রায় সব ধরনের রোগের জীবাণু প্রথমে পরিবেশে আসে। সেখান থেকেই মানুষের শরীরে প্রবেশ করে। এলাকার নিকাশী নালা নিয়মিত পরিষ্কার হওয়া দরকার। বুদবুদের বাসিন্দাদের একাংশর অভিযোগ, নালার মধ্যে খালি বোতল, ভাঙা কৌটো, ডাবের খোলা পড়ে থাকছে। পরিত্যক্ত ওইসব পাত্রে ও ডাবের খোলায় জমা জলে মশার বংশবৃদ্ধি হচ্ছে। তাছাড়া দুর্গন্ধও হচ্ছে। স্থানীয় বাসিন্দা উর্মিলা দাস বলেন, ড্রেনে ব্লিচিং পাউডার বা মশানাশক তেল স্প্রে করলে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে।
বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু দাবি করেন, এলাকার অধিকাংশ নালার উপরেই ঢাকার ব্যবস্থা করা হয়েছে। যেগুলিতে সেই ব্যবস্থা নেই তা নিয়মিত পরিষ্কার করা হয়। ক্যানেলের বিষয়ে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যে ওই ক্যানাল পরিষ্কার করা হয়।
সম্পর্কিত সংবাদ