সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার নাককাটি ব্রিজ থেকে পুলিস আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজ্জাক শেখ টোটা। তার বাড়ি বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে। পুলিস বুধবার রাত ১০টা নাগাদ নাককাটি ব্রিজে নাকা চেকিং করছিল। সেই সময় বিহারের দিক থেকে বাইকে করে রতুয়ার অভিমুখে আসছিল রাজ্জাক। পুলিস তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করেছে। রতুয়া থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বিহার থেকে সে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে আসছিল। কোথায় কার কাছে বিক্রি বা পাচারের ছক ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।



