সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদহ জেলা শাখার উদ্যোগে ইংলিশবাজারের ফোয়ারা মোড়ে সোমবার সন্ধ্যায় সংহতি পথসভা হল। এসএসসি’র ২০১৬ সালের তালিকাভুক্ত ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি নিয়ে উদ্ভূত সমস্যা এবং যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবিতে সারা রাজ্যের সঙ্গে সমিতির মালদহ জেলা শাখার উদ্যোগে এই সংহতি পথসভা হয়। সংহতি সভায় সভাপতিত্ব করেন উৎপল চট্টোপাধ্যায়। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ, সহ সভাপতি মনোরঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের জেলা সম্পাদক বলেন, রাজ্যে বিদ্যালয় ও মাদ্রাসায় দুই লক্ষাধিক শূন্যপদ রয়েছে। সাধারণের শিক্ষা চূড়ান্ত ভাবে ব্যাহত হচ্ছে। এবিটিএ ধারাবাহিক স্বচ্ছভাবে বিদ্যালয় ও মাদ্রাসায় শূন্যপদে নিয়োগের জন্য আন্দোলন করে চলেছে। সমিতি যোগ্য প্রার্থীদের সসম্মানে পুনর্বহালের দাবি করছে।



