Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজের দেহ উদ্ধার ধানখেতে, দূরে মিলল সাইকেল, চাঞ্চল্য

নিখোঁজের দেহ উদ্ধার ধানখেতে, দূরে মিলল সাইকেল, চাঞ্চল্য
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একদিন নিখোঁজ থাকার পর প্রৌঢ়ের দেহ উদ্ধার ধানখেতে। প্রায় একশো মিটার দূরে মিলল তাঁর সাইকেল। জলপাইগুড়ি সদর ব্লকের ধাপগঞ্জের এ ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ জসিয়ার (৫২)। বাড়ি ধাপগঞ্জ বাজার এলাকায়। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাদের সন্দেহ কে বা কারা তাঁকে খুন করে ধানখেতে ফেলে দিয়ে গিয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। সোমবার রাত পর্যন্ত মৃতের পরিবার থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
Advertisement
এদিন জলপাইগুড়ি মেডিক্যালে দেহ নিতে এসেছিলেন মৃতের পরিজনরা। তাঁরা বলেন, শনিবার সন্ধ্যায় বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন। এরপর মাংস কিনে পরিচিত একজনকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। তাঁকে দিয়েই বাড়িতে খবর পাঠান, তিনি পাশের বামনপাড়ায় যাবেন। বাড়ি ফিরতে দেরি হবে। মৃতের আত্মীয় আসিকুল ইসলাম বলেন, শনিবার মাঝরাত পর্যন্ত জসিয়ার বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। রবিবারও সারাদিন তাঁর খোঁজ চালানো হয়। জসিয়ারের আদিবাড়ি হলদিবাড়িতে। ফোন করে সেখানেও খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাঁর হদিশ পাওয়া যায়নি। এরপর থানায় মিসিং ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন সময় রবিবার সন্ধ্যার পর খবর আসে, ধান খেতে জসিয়ারের দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি এসে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কৃষিকাজ করতেন মহম্মদ জসিয়ার। হলদিবাড়িতে তাঁর বাপ-ঠাকুরদার বাড়ি থাকলেও বছর দশেক আগে ধাপগঞ্জে শ্বশুরবাড়ির কাছে এসে ঘর বানিয়ে থাকতে শুরু করেন তিনি। এখানেই জমিজমা কেনেন। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ের বিয়েও পাকা। পরিবারের দাবি, এলাকায় কারও সঙ্গে জসিয়ারের শত্রুতা ছিল না। আত্মহত্যা করার প্রশ্নই আসে না।
সম্পর্কিত সংবাদ