সংবাদদাতা, তুফানগঞ্জ: বক্সিরহাট থানার বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের লাঙলগ্রামে এক স্কুল ছাত্রের নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, সে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। শুক্রবার স্কুল ইউনিফর্ম পরেই বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর আর ফেরেনি। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও খোঁজ না মেলায় স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে পরিবারে। নিখোঁজ ছাত্রের মা ইতিকা ভাওয়াল বলেন, স্কুলে ফর্ম ফিলাপের উদ্দেশ্যে বেরিয়েছিল ছেলে। তারপর থেকে আর খোঁজ মিলছে না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে না পাওয়ায় তুফানগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



