Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথির হরিপুর মৎস্যখটি থেকে ভুটভুটি নৌকায় মাছ ধরতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন এক মৎস্যজীবী। বুদ্ধদেব নায়ক(২৮) নামে ওই মৎস্যজীবীর দেহ অবশেষে উদ্ধার হল। রবিবার দুপুর নাগাদ হরিপুর মৎস্যখটি থেকে প্রায় নয় নটিক্যাল মাইল দূরে ‘লালবঁয়া’র কাছে তাঁর দেহ ভেসে আসতে দেখেন একটি ভুটভুটি নৌকায় থাকা মৎস্যজীবীরা। জুনপুট কোস্টাল থানার পুলিসের সহায়তায় দেহ উদ্ধার করা হয়। তবে কয়েকদিন ধরে জলে থাকায় দেহটি পচেগলে গিয়েছে। পরনের জ্যাকেট দেখে দেহ শনাক্ত করেন অন্য মৎস্যজীবীরা। বুদ্ধদেববাবুর বাড়ি হরিপুর লাগোয়া শ্যামরাইবাড়-জালপাই এলাকায়। গত মঙ্গলবার হরিপুর মৎস্যখটি থেকে মাছ ধরতে গিয়েছিলেন বুদ্ধদেব। কিন্তু রাতে নৌকা থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান। তারপর থেকে তাঁর খোঁজ মিলছিল না। মৎস্যজীবীদের ভুটভুটি নৌকা এবং পুলিস তল্লাশি চালায়। শেষ পর্যন্ত পাঁচদিন পর দেহ উদ্ধার হল। এদিন মৃতের বাড়িতে যান কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। তিনি বুদ্ধদেববাবুর পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। মৃত মৎস্যজীবীর ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতার করা হবে বলে জানান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ