নিউটাউনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এনকেডিএ’র নিরাপত্তারক্ষীর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটির (এনকেডিএ) অধীনে কর্মরত এক নিরাপত্তারক্ষীর। শুক্রবার সকালে নিউটাউন সিটি স্কোয়ার ক্লক টাওয়ার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুলগ্ন দে। বয়স বছর ৪৫। হুগলি জেলার পুরশুড়ায় তাঁর বাড়ি। তবে, কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। স্থানীয়দের কথায়, এই ক্লক টাওয়ারের কাছে বহু সাধারণ মানুষও যান। এমনকি, ছোটোরাও বেড়াতে যায়। তাই ওই এলাকার সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লক টাওয়ারের কাছে একটি শৌচাগারে জল সরবরাহের জন্য ব্যবহৃত সাবমার্সিবল পাম্পটি চালু করার চেষ্টা করছিলেন সুলগ্ন। কিন্তু, পাম্পটি চালু না হওয়ায় তিনি সেটি পরীক্ষা করতে কাছে যান। সেই সময় পাম্পের পাশে পড়ে থাকা একটি খোলা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পড়েন। তিনি রাতে একা ডিউটিতে ছিলেন। ফলে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ঘটনাস্থলে পড়েছিলেন। অনেকে বলছেন, যদি দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকতেন, তাহলে অন্যজন পাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে পারতেন। প্রাণে বাঁচানো সম্ভব হত।
সকালের শিফটে কাজে যোগ দিতে আসা কর্মীরা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। শুকনো বাঁশের সাহায্যে বিদ্যুতের উৎস থেকে তাঁকে সরিয়ে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের পাশাপাশি বিদ্যুৎবণ্টন সংস্থাও পৃথক তদন্ত শুরু করছে। এনকেডিএ’র এক আধিকারিক বলেন, এটা একটা দুর্ঘটনা। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।