Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাজিরপুরে বেআইনি পার্কিংয়ের জেরে তীব্র যানজট, প্রাণ হাতে করে চলাচল

নাজিরপুরে বেআইনি পার্কিংয়ের জেরে তীব্র যানজট, প্রাণ হাতে করে চলাচল
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকের নাজিরপুর বাজারে যানজটে নাজেহাল মানুষ। বেআইনি পার্কিং, রাস্তার পাশে বাজার বসা, সেই সঙ্গে আছে টোটোর উৎপাত। এই সবের কারণে যানজট লেগেই থাকে কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়কের নাজিরপুর বাজারে। যানজটের জেরে প্রাণ হাতে করে চলাচল করতে হয় পথচারী থেকে বাজার করতে আসা মানুষকে। 
Advertisement
নাজিরপুর বেশ জমজমাট এলাকা। এখানে বেআইনি পার্কিংয়ের জেরে যানজটে আটকে পড়ে মানুষকে চলাচল করতে হয় প্রাণ হাতে নিয়ে।  বাজার এলাকায় সবসময় ভিড় লেগে থাকে। বাজারের বুক চিরে গিয়েছে কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়ক। সারাদিন এই রাস্তায় চলে অসংখ্য গাড়ি। বাজারে সব সময় ভিড় থাকায় গাড়ি চালকরা একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। তার উপর বেআইনি পার্কিংয়ের এর জন্য মানুষের হাঁটা চলাই দায় হয়ে ওঠে।  এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায় মালবাহী ট্রাক, চারচাকা, টোটো, বা অন্য গাড়ি রাস্তার দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে। ফলে রাস্তায় গাড়ি এলে সাইড নেওয়া মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। এই কারণে এলাকায় যানজট। এতে রাজ্য সড়কে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে। 
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ও বুধবার বাজারে হাট বসে। সেদিন চলাচল বেশি কঠিন হয়। কারণ হাটবারের দিন গ্রাম থেকে চাষিরা তাঁদের ফসল হাটে নিয়ে আসেন। আর এই ফসল গাড়ি ভর্তি করে চলে যায় কলকাতায়। সেই গাড়ি ভর্তি করার সময় রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে। সৃষ্টি হয় যানজটের। এর মধ্যে চলতে থাকে ওভার টেক করার প্রতিযোগিতা। এতে যে কোনওদিন দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সব কারণে সব থেকে বেশি অসুবিধায় পড়েন পথচারীরা। তাঁদের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। বাজারের বিভিন্ন অলিগলি  দিয়ে সাইকেল, রিকশ, টোটো এসে আরও যানজট তৈরি করে। এলাকার বাসিন্দা প্রদীপ্ত দাস  বলেন, রাস্তার উপর মালবাহী গাড়ি বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকা নিত্যদিনের ঘটনা। এতে পথচারীদের চলার অসুবিধা হলেও সেটা বলার ক্ষমতা নেই কারও। তাই এলাকার মানুষ নীরবে সব সহ্য করছেন। তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, বিষয়টি দেখা হচ্ছে। আশা করছি এই সমস্যার সমাধান হয়ে যাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ