Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নজরদারির অভাবে ফের প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা আরামবাগে

নজরদারির অভাবে ফের প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা আরামবাগে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আরামবাগ: ২০২২ সালে পুরসভার চেয়ারম্যানের চেয়ারে বসেই আরামবাগ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে উদ্যোগী হয়েছিলেন সমীর ভাণ্ডারী। সেসময় নিয়মিত শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রচার ও অভিযান চালানো হয়। ফলে তখন শহরে পলিব্যাগের ব্যবহার কিছুটা কমেছিল। কিন্তু নজরদারি শিথিল হতেই আরামবাগে ফের পলিব্যাগের রমরমা দেখা যাচ্ছে।
Advertisement
আরামবাগ শহর হুগলি জেলার অন্য শহরের তুলনায় ছোট। তবে এই শহরে জনঘনত্ব অনেক বেশি। ১৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই শহরে প্রধান সমস্যা ছিল নিকাশিনালা। এখানকার বেশিরভাগ নিকাশিনালায় প্লাস্টিকের ব্যাগ, থার্মোকলের থালা-বাটি-গ্লাস পড়ে থাকে। এসব সামগ্রী জলে নষ্ট হয় না। মাটিতে মেশে না। আগুনে পোড়ালে বাতাস দূষিত হয়ে পড়ে। সেজন্য প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধে পুরসভার তরফে বহুবার প্রচার ও অভিযান করা হয়েছে। কিন্তু এখন আর পুরসভার সেই অভিযান দেখা যায় না।
ফলে এখন আরামবাগ শহরের প্রায় সমস্ত দোকান ও বাজারে ৭৫ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা হচ্ছে। ফলে শহরে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। শহরের বাসিন্দারা জানান, চেয়ারম্যানের উদ্যোগে অনেকদিন ধরে অভিযান ও ঘনঘন প্রচারে ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমে গিয়েছিল। বাজারে মাছ কিনতে গেলে তা শালপাতায় মুড়ে দেওয়া শুরু হয়েছিল। ক্রেতারাও কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যেতেন। কিন্তু এখন প্রচার ও অভিযানে পুরকর্মীরা না নামায় সেই গরজ কারও নেই। ফলে ফের প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে। পুরসভাকে অনুরোধ, এবিষয়ে নজর দেওয়া হোক। পুরসভার চেয়ারম্যান বলেন, ৭৫ মাইক্রনের কম ঘনত্বের ও কোম্পানির ছাপবিহীন প্লাস্টিক ব্যাগ, থার্মোকলের থালা-বাটি-গ্লাস ও প্লাস্টিকের চায়ের কাপ সম্পূর্ণ নিষিদ্ধ। কাউকে এসব সামগ্রী ব্যবহার করতে দেখা গেলে পুর কর্তৃপক্ষ ৫০-৫০০ টাকা জরিমানা করবে। নিকাশিনালায় প্লাস্টিক জমে থাকলে তা দিয়ে জল যায় না। তাই মানুষকে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রুখতে সচেতন থাকতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ