Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ১ জুলাই থেকে স্থায়ীভাবে ভিস্তাডোম কোচ

এনজেপি-হাওড়ার মধ্যে চলাচলকারী শতাব্দী এক্সপ্রেসে এবার স্থায়ীভাবে যুক্ত হচ্ছে ভিস্তাডোম কোচ। দেশ-বিদেশের পর্যটকদের এই ট্রেনের প্রতি বাড়তি উৎসাহ থেকে পরীক্ষামূলকভাবে ভিস্তাডোম কোচ এতদিন চালানো হচ্ছিল।

এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ১ জুলাই থেকে স্থায়ীভাবে ভিস্তাডোম কোচ
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপি-হাওড়ার মধ্যে চলাচলকারী শতাব্দী এক্সপ্রেসে এবার স্থায়ীভাবে যুক্ত হচ্ছে ভিস্তাডোম কোচ। দেশ-বিদেশের পর্যটকদের এই ট্রেনের প্রতি বাড়তি উৎসাহ থেকে পরীক্ষামূলকভাবে ভিস্তাডোম কোচ এতদিন চালানো হচ্ছিল। ভালো সাড়া মেলায় স্থায়ীভাবে যুক্ত করা হচ্ছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। 

Advertisement

মঙ্গলবার সিপিআরও বলেন, প্রায় দেড় বছর পরীক্ষামূলকভাবে অতিরিক্ত কোচ হিসেবে শতাব্দী এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ চালানো হয়েছে। এই শতাব্দী এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ পর্যটকদের প্রথম পছন্দ। চাহিদা ক্রমশ বাড়ছে। তাই স্থায়ীভাবে যুক্ত হচ্ছে ভিস্তাডোম কোচ। আগামী ১ জুলাই থেকে উভয় যাত্রাপথে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই কারণে গুয়াহাটি-জোরহাট টাউন-গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেসেও ১ জুলাই থেকে স্থায়ীভাবে একটি ভিস্তাডোম কোচ যুক্ত করা হচ্ছে। এই দু’টি শতাব্দী এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন করে চলাচল করে। 
পাশাপাশি ১ জুলাই থেকে স্থায়ীভাবে আলিপুরদুয়ার জংশন-শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জংশন রাজ্যরানি এক্সপ্রেসে স্থায়ীভাবে একটি এসি থ্রি টিয়ার কোচ যুক্ত করা হচ্ছে। এই ট্রেনটি সপ্তাহে তিনদিন করে চলে। এছাড়াও অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য  কাটিহার-পাটনা-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসের অস্থায়ী কোচ সংযোজন আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই অতিরিক্ত এসি থ্রি টিয়ার কোচটি যুক্ত থাকবে বলে জানান মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি বলেন, উত্তর-পূর্ব সীমান্ত রেল উন্নত রেল ভ্রমণের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সম্পর্কিত সংবাদ