দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের, ফোকাসে পশ্চিমবঙ্গই
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসেই রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ উপনির্বাচন। দুর্গাপুজোর অব্যবহিত পরেই ঢাকে কাঠি পড়বে কলকাতা এবং হাওড়ার পুরভোটেরও। এই পরিস্থিতিতে সাম্প্রতিক বঙ্গ সফর থেকে ফিরে এসেও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ‘ফোকাস’ থাকল বাংলার উপরই। মঙ্গলবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সর্বভারতীয় কার্যালয়ে বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং ভারপ্রাপ্ত সহনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ 

Advertisement

বৈঠক করেছেন নীতিন নবীন। সেখানেই তাঁর আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বঙ্গ বিজেপির পরিস্থিতিই। এমনই দাবি করা হয়েছে রাজনৈতিক সূত্রে। 
বিজেপির অন্দরের খবর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বকে একাধিক পরামর্শ দিয়েছেন বিজেপি সভাপতি। রাজ্য বিজেপির ভাবমূর্তি বজায় রাখার ব্যাপারেই প্রধানত ভারপ্রাপ্ত নেতাদের নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। জানা যাচ্ছে, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বকে বিজেপি সভাপতি জানিয়েছেন, রাজ্যে বিজেপি এখন শাসক দল। তাই বাংলার শাসক দলের নেতাকর্মীদের কোনো অংশ ‘বিপথগামী’ হচ্ছেন কি না, সেই ব্যাপারে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনে কঠোর হতে হবে ভারপ্রাপ্ত নেতৃত্বকে। সেইমতো রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। 
উল্লেখ্য, বাংলার ভারপ্রাপ্ত নেতা এবং সহনেতা হিসাবে মোট চারজনকে নিয়োগ করেছেন নীতিন নবীন। বিজেপির বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার দায়িত্ব পেয়েছেন দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। লালসিং আর্য, রাজেন্দ্র সিং এবং পিঙ্কি কুশওয়াকে করা হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সহনেতা। একমাত্র সুনীল বনসল ছাড়া বাংলার পুরো কেন্দ্রীয় পর্যবেক্ষক টিমই পাল্টে দিয়েছেন নবীন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে দল ব্যবস্থা নিলেও পুরোপুরি তা বন্ধ করা যায়নি বলেই অভিযোগ। পাশাপাশি বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর উত্তরপ্রদেশ, গুজরাত সহ দেশের যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও বেশ কিছু সাংগঠনিক ‘টাস্ক’ দিয়েছেন নীতিন নবীন। এমনকি খোঁজ নিয়েছেন উত্তরপ্রদেশের কৃষক আন্দোলন নিয়েও।