Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে আজ নীতি আয়োগের বৈঠক, আসছেন সব রাজ্যের অর্থমন্ত্রী

পূর্বতন সরকারের আমলে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের যোগ দেওয়া নিয়ে একাধিকবার সরগরম হয়েছে রাজনীতির ময়দান।

শহরে আজ নীতি আয়োগের বৈঠক, আসছেন সব রাজ্যের অর্থমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বতন সরকারের আমলে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের যোগ দেওয়া নিয়ে একাধিকবার সরগরম হয়েছে রাজনীতির ময়দান। তাঁকে কথা বলতে না দেওয়ার অভিযোগে তুলে বৈঠকও বয়কট করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্যে পালাবদলের পর পরই নয়াদিল্লিতে সেই বৈঠকে যোগ দিয়েছেন ডবল ইঞ্জিন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই নীতি আয়োগের মিটিং বসছে খোদ কলকাতায়। কিন্তু, কী নিয়ে আলোচনা হবে এই বৈঠকে? নবান্ন সূত্রে খবর, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বা স্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। যেখানে নিজেদের কথা তুলে ধরবেন প্রতিটি রাজ্যের অর্থমন্ত্রীরা। থাকবেন নীতি আয়োগের সদস্য বালাসুব্রহ্মণ্যম এবং পদস্থ কর্তারা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস, পরিসংখ্যান মন্ত্রক এবং রাজ্যের পরিসংখ্যান দপ্তরের পদস্থ আধিকারিকরা। আজ, মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে বসবে বৈঠক।

Advertisement

কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক? দারিদ্র্য দূরীকরণ, উন্নত স্বাস্থ্য ও শিক্ষা, বিশুদ্ধ জল, পরিচ্ছন্ন জ্বালানি এবং পরিবেশ সংরক্ষণকে সামনে রেখে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে নেমেছে ভারত সরকার। আর এই কাজে সমস্ত দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজের ব্লুপ্রিন্ট তৈরি করছে নীতি আয়োগ। রাষ্ট্রসংঘের ২০৩০ সালের কর্মসূচির অধীনে মোট ১৭টি স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। ভারতে এই লক্ষ্যমাত্রাগুলির অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বেও রয়েছে নীতি আয়োগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ