Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা শহরে ভাড়াবাড়ি থেকে প্রচার শুরু নিশীথের

মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ডেইলি প্যাসেঞ্জারি করে শুরু করেছিলেন ভোটের প্রচার। এনিয়ে গুঞ্জন ছড়ায় দলের অভ্যন্তরেই।

মাথাভাঙা শহরে ভাড়াবাড়ি থেকে প্রচার শুরু নিশীথের
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ বর্মন, মাথাভাঙা: মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ডেইলি প্যাসেঞ্জারি করে শুরু করেছিলেন ভোটের প্রচার। এনিয়ে গুঞ্জন ছড়ায় দলের অভ্যন্তরেই। তা বুঝতে পেরেই তড়িঘড়ি মাথাভাঙা শহরে ভাড়াবাড়িতে থাকতে শুরু করে দিয়েছেন তিনি। মাথাভাঙা কলেজমোড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে নিশীথ থাকছেন। সেখান থেকে দলীয় কাজকর্ম যেমন শুরু করা হয়েছে, তেমনই তাঁর প্রচারও করছেন তিনি। অপরদিকে, সকাল সন্ধ্যা নিয়ম করে নিজের বাড়িতে বসে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার পর প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মন। মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি সিপিএম প্রার্থী খগেন বর্মনের। তিনিও বাড়ি থেকে প্রচারে বের হচ্ছেন। 

Advertisement

সাবলু বর্মনের বাড়ি মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাথাভাঙা-২ ব্লকের প্রায় মাঝামাঝি জায়গায় সাবলুর বাড়ি হওয়ায় গোটা ব্লকের লোকজন যেমন সহজে তাঁর বাড়িতে আসছে, তেমনই মাথাভাঙা শহরের নেতা-কর্মীরাও তাঁর বাড়িতে যাচ্ছেন। সাবলু মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ায় এলাকার নীচুতলার নেতা-কর্মীদের সঙ্গেও সংযোগ যথেষ্ট ভালো। 
অপরদিকে, নিশীথ প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাঁর পরিচিতিও যথেষ্ট। তবে নিচুতলার কর্মীরা নিশীথকে চিনলেও তাঁদের সঙ্গে প্রার্থীর ঘনিষ্ঠ যোগাযোগ নেই। একই সঙ্গে নিশীথের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে নিচুতলার কর্মীরা সহজে তাঁর কাছে গিয়ে নিজেদের কথাও বলতে পারছে না। সেদিক থেকে দলের কর্মীদের খুব কাছে যেতে পারছেন সাবলু। স্থানীয় বাসিন্দা হওয়ায় আত্মীয়, বন্ধুবান্ধব সকলেই সাবলু বর্মনকে শুভেচ্ছাও জানাচ্ছেন। 
বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি প্রতাপ সরকার বলেন, আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক মাথাভাঙা শহরে ভাড়াবাড়িতে থাকছেন। সেখান থেকে প্রচার চালাচ্ছেন। আমরা এলাকায় থেকে প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছি। আমাদের সংগঠনের কর্মীরা ওঁকে ভালোই চেনেন। কোনো সমস্যা নেই আমাদের। দলের প্রতি সকলেই অনুগত। 
তৃণমূল প্রার্থী সাবলু বর্মন বলেন, আমি গ্রামের ছেলে। ছোট থেকে গ্রামেই বড় হয়েছি। কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও বাড়ি ছাড়িনি কখনও। সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন মানুষ বাড়িতে আসছে। দলের কর্মীরা পরামর্শ দিচ্ছেন। সবার কথা শুনছি, কিছু ক্ষেত্রে নির্দেশও দিচ্ছি। মানুষের সঙ্গে মিশে কাজ করতে যেমন ভালো লাগে, তেমনই এই সময়ে সবার পরামর্শ নিয়েই প্রচার কর্মসূচি ঠিক করছি। গোটা এলাকাজুড়ে আমার সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন রয়েছেন। সকলেই আমার পাশে থাকার বার্তা দিচ্ছেন। প্রচারে বেরিয়ে সাড়াও পাচ্ছি ভালো।

Advertisement
সম্পর্কিত সংবাদ