কাঠমাণ্ডু, ২ আগস্ট: টানা ২ দিনের লড়াইয়ের শেষে অবশেষে মৃত্যু। তিন দিনে দূর্গম পর্বত থেকে উদ্ধার মৃতদেহ। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে অবস্থিত ব্রড পিকে তুষারধসে নিখোঁজ হয়েছিলেন প্রখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা। তার পরেই উঠে আসে তাঁর মৃত্যু সংবাদ। আজ রবিবার পূর্জার দেহ উদ্ধার করল উদ্ধারকারীরা। আলপাইন ক্লাব অব পাকিস্তান এর তরফ থেকে এই সংবাদ দেওয়া হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় নির্মল পূর্জার দেহ উদ্ধার করা হয়। একই স্থানে আরও তিনটি মরদেহের সন্ধান মিলেছে, তবে সেগুলির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলেই জানানো হয়েছে। তাঁরা আরো জানিয়েছেন, উদ্ধারকারী দল মরদেহগুলি জাপানিজ ক্যাম্পে নিয়ে আসার কাজ শুরু করেছে। দুর্গম পাহাড়ি পথ, খাড়া ঢাল এবং পুনরায় তুষারধসের আশঙ্কার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহারও সম্ভব হচ্ছে না।
গত বৃহস্পতিবার ব্রড পিকে তুষারধসের কবলে পড়েন নির্মল পূর্জা সহ মোট ১০ জন পর্বতারোহী। তাঁদের মধ্যে পাঁচজন নেপালি সহ পাকিস্তান, ওমান, আমেরিকা, চীন দেশের অন্যান্য পর্বতারোহীরাও ছিলেন। এখনও পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি পাঁচজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিক জয়ের পথে ক্যাম্প-২ অতিক্রম করে আরও উপরে উঠছিলেন নির্মল ও তাঁর দল। ঠিক সেই সময় হঠাৎ ভয়াবহ তুষারধস নেমে আসে। এরপরই তাঁদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও শুরুতে বাধাগ্রস্ত হয়। টানা দু'দিন সেনাবাহিনীর হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি চালানোর পর নির্মল, তাঁর দুই সঙ্গী এবং গাইড পুর বাহাদুর গুরুং ও নিমা শেরপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।