Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নজিরবিহীন বিক্ষোভের মুখে নির্মল, খড়দহ থানার সামনে যথেচ্ছ নিগ্রহ

খাসতালুকে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। শুক্রবার দুপুরে খড়দহ থানা ও বারাকপুর আদালত চত্বরে তাঁর নামে ‘চোর’ স্লোগান ওঠে।

নজিরবিহীন বিক্ষোভের মুখে নির্মল, খড়দহ থানার সামনে যথেচ্ছ নিগ্রহ
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: খাসতালুকে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। শুক্রবার দুপুরে খড়দহ থানা ও বারাকপুর আদালত চত্বরে তাঁর নামে ‘চোর’ স্লোগান ওঠে। বাজানো হয় ডিজে বক্স। ‘নির্মল ঘোষ হরিবোল’ গান বাজানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম, কাদা, গোবর, কালি ও জুতো ছোড়া হয়। কিছু বিজেপি কর্মী তাঁকে কিল, চড়, ঘুসি মারার সঙ্গে জুতোপেটাও করে।

Advertisement

লটারি প্রতারণা মামলায় এদিন বারাকপুর আদালতের এসিজেএম মণিকা চট্টোপাধ্যায় সাহা তাঁকে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। এছাড়া অভয়া এবং তোলাবাজির পৃথক মামলায় তাঁকে ১৪ দিনের জেল হেপাজত হয়েছে। একইভাবে ধৃত সঞ্জীব মুখোপাধ্যায়কে তোলাবাজি মামলায় সাতদিনের পুলিশ হেপাজত এবং অভয়া মামলায় ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভয়ার বাবা শেখর দেবনাথ এদিন আদালতে গোপন জবানবন্দি দেন। পরিবারের সম্মতি ছাড়াই অভয়ার দেহ তড়িঘড়ি দাহ সহ একাধিক অভিযোগ ছিল নির্মল ঘোষ, প্রাক্তন পুর চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এসব নিয়ে সিবিআই তাঁদের জেরাও করে। গত ৯ আগস্ট পানিহাটিতে আয়োজিত অভয়া স্মরণসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই অভিযোগ ফের তোলেন। পুলিশকে নতুন করে আইনি পদক্ষেপ করারও নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার নির্মলকে বালেশ্বর থেকে ধরে গভীর রাতে খড়দহ থানায় আনা হয়। ওই রাতে ধরা হয় সঞ্জীবকেও। 
খবর চাউর হতেই শুক্রবার সকালে থানার সামনে বিজেপি কর্মীদের ভিড় জমে যায়। শোভাযাত্রার আদলে গাড়িতে ডিজে বক্সের সেট থানার সামনে এনে বাজানো শুরু হয়। থানা থেকে বের করার সময় নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েন ধৃতরা। শুরু হয় চেনা ডিমবৃষ্টি। জুতোর মালা পরানোর চেষ্টা করার পাশাপাশি জুতোও মারা হয় নির্মলকে। কিল, চড়, ঘুসি কিছুই বাদ যায়নি। মাথায় হেলমেট থাকায় অবশ্য বড়ো আঘাত থেকে রক্ষা পান একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। তবে ডান চোখে গুরুতর চোট পেয়েছেন  সঞ্জীব। একইভাবে আদালতের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি অনুগামী আইনজীবীরা। এদিন আদালতে নির্মলের মেয়ে এবং বউমা এলেও কোনো মন্তব্য করতে চাননি। 
নির্মলের আইনজীবী অর্ক চৌধুরী বলেন, আদালতের নির্দেশে সিবিআই বিশেষ সিট গঠন করে অভয়া কেসের তদন্ত করছে। সেই মামলা নতুন করে কীভাবে শুরু করতে পারে পুলিশ? তাছাড়া প্রচারে অভয়া মামলা এলেও নির্মল ঘোষকে আসলে ধরা হয়েছে লটারি কেসে। অভয়া কেসে ‘শোন-অ্যারেস্ট’ দেখানো হয়েছে তাঁকে। লটারি কেসটিও ভিত্তিহীন। আমরা হাইকোর্টে যাব।  এদিকে, নির্মলের গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রী মিডিয়াকে বলেন, অভয়া কাণ্ডে শ্মশানঘাটের স্ক্যাম নিয়ে পুলিশি তদন্তের সুযোগ ছিল। তার নির্দেশ দিয়েছি। দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিস কমিশনারকে ধন্যবাদ। আরও এক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ