নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি নাইট ক্লাবের নাবালিকা বার ড্যান্সারকে ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছিল। সে একটি সন্তানেরও জন্ম দেয়। বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে সে ভরতি। এই মর্মে দায়ের করা এক পকসো মামলায় গ্রেপ্তার হলেন অভিযুক্ত নাইট ক্লাব কর্তা। শেক্সপিয়র সরণি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সোমবার ধৃতকে কলকাতার বিচারভবনের পকসোর বিশেষ আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় তাঁকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ও পকসো মামলার সরকারি আইনজীবী সৈকত পাণ্ডে এদিন জানান, ‘এই মামলায় আর এক অভিযুক্ত পলাতক। তার খোঁজে জোরদার তল্লাশি চলছে। এদিন অভিযুক্তের তরফে আদালতে জামিনের আরজি জানানো হয়। সেই শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি। শুনানির দিন সরকার পক্ষ থেকে জোরালো আপত্তি জানানো হবে বলে তাঁরা জানান।’



