Bartaman Logo
১০ জুন, ২০২৬

মুম্বইয়ে জঙ্গি হামলা: রহস্যময় দুবাইবাসীর খোঁজে এনআইএ

মুম্বইয়ে জঙ্গি হামলা: রহস্যময় দুবাইবাসীর খোঁজে এনআইএ
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকসেনার উর্দি ছিল তার বরাবরের পছন্দের তালিকায়। চাকরি ছাড়ার পরও প্রায়ই এই উর্দিতে দেখা যেত তাহাউর হুসেন রানাকে। ওই পোশাকেই আইএসআই, লস্কর-ই-তোইবার পান্ডাদের সঙ্গে দেখা করত মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড। ঘুরত বিভিন্ন জঙ্গি শিবিরেও। বর্তমানে এনআইএ হেড কোয়ার্টারের সেলই তার ঠিকানা। শুক্রবার থেকে দফায় দফায় চলছে জেরা। সূত্রের খবর, শুরু থেকেই তদন্তে অসহযোগিতা করছে রানা। এপর্যন্ত তার পেট থেকে খুব বেশি কথা বের করা যায়নি। তবে লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। 

Advertisement

এরইমধ্যে মার্কিন তদন্তকারী সংস্থা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দুবাইয়ের এক বাসিন্দার খোঁজ শুরু করেছে এনআইএ। ওই ব্যক্তি ২০০৮ সালের মুম্বই হামলার কথা আগাম জানত বলে খবর। হামলার আগে রানার সঙ্গে সাক্ষাৎ করেছিল ওই ব্যক্তি। আপাতত তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রানাকে জেরায় জানা গিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিচাবতনী গ্রামে বাড়ি তার। বাবা স্কুলের প্রিন্সিপাল। রানার বাকি দুই ভাইয়ের একজন পাকিস্তানি সেনায় মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করত। অন্যজন পেশায় সাংবাদিক। ডাক্তারি ডিগ্রি পাওয়ার পরই পাকিস্তান সেনায় যোগ দেয় রানা। কাজ ছেড়ে দেওয়ার পরও সেনার পোশাকই পরত সে।
১৯৯৭ সালে স্ত্রী সামরাজ রানা আখতারকে নিয়ে কানাডায় চলে আসে রানা। সেখানে প্রথমে একটি ইমিগ্রেশন কনসালটেন্সি খোলে সে। পরে শুরু করে মাংসের ব্যবসা। এসবের আড়ালেই শাগরেদ ডেভিড কোলম্যান হেডলিকে নিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত রানা। তার কনট্যাক্ট লিস্টে ছিল সাজিদ মীর। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে এই জঙ্গির। মুম্বই হামলার অন্যতম হ্যান্ডলারও ছিল সাজিদ। তার নির্দেশেই মুম্বইয়ের চাবড় হাউসে ছয়জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। ইতিমধ্যেই আমেরিকার তরফে তার মাথার দাম ঘোষণা করা হয়েছে ৫০ লক্ষ ডলার। তবে শুধু লস্কর-ই-তোইবাই নয়, হরকত-উল-জিহাদ-অল-ইসলামি জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ ছিল রানার। পাশাপাশি মেজর ইকবাল নামে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক আধিকারিকের সঙ্গেও তার নিয়মিত দেখাসাক্ষাৎ হতো। 

Advertisement
সম্পর্কিত সংবাদ