নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিনব কায়দায় চুরির চেষ্টা। তাঁর স্ত্রী শুভ্রা সরকার ছেলেকে স্কুলে থেকে নিয়ে বাড়ি ফিরে দেখেন, দরজা খোলা। সন্দেহ হয় তাঁর। পা টিপে টিপে ঘরে ঢুকে হতবাক হয়ে যান। দেখেন, অচেনা এক যুবক আলমারি খুলে জিনিসপত্র ওলোটপালোট করছে। তৎক্ষণাৎ তিনি বাড়ি থেকে বেরিয়ে চিৎকার শুরু করেন। তখন এলাকাবাসীরাই এসে ধরে ফেলেন অভিযুক্তকে। পরে তাঁকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানার অন্তর্গত নৈহাটি টালিখোলার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী পান্না সরকারের বাড়িতে। তাঁর স্ত্রী শুভ্রা সরকার জানিয়েছেন, সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করলেও সেগুলি আমরা পেয়ে গিয়েছি।



