নয়াদিল্লি: ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে আয়কর শূন্য হবে। শনিবার বাজেট পেশ করে মধ্যবিত্তের জন্য এই সুখবর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার ভোটের বাজারে এই বাজেটের ফায়দা তোলার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর জন্য আক্রমণ করে বসলেন প্রাক্তন দুই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীকে। এঁদের সময় চড়া হারে আয়কর নেওয়া হতো বলে রবিবার প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বুধবার দিল্লি বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষ্যে এদিন আর কে পুরমে প্রচার সারেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দাবি করেন, এযাবৎ কালে মধ্যবিত্তের সবচেয়ে প্রাণের বন্ধু এই বাজেট। তাঁর কথায়, ‘নেহরুর সময়ে আপনি যদি ১২ লক্ষ টাকা আয় করতেন, তবে এক-চতুর্থাংশ অর্থ কর হিসেবে কেটে নেওয়া হতো। বিপুল টাকা কর দিতে হতো ইন্দিরাজির আমলেও।’ এই বাজেটকে বিরলতম হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের লোকজন কখনও এত বড় ছাড় পাননি। দেশের উন্নয়নে মধ্যবিত্তের অবদান অনেক। কেবলমাত্র বিজেপি এই মধ্যবিত্তদের অবদানকে স্বীকার করে।’



