সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার দুপুর দু’টো নাগাদ নাগরাকাটার কলাবাড়ি চা বাগানের ৯ নম্বর সেকশনে হাতির হানায় জখম হলেন দুই বনকর্মী। তাঁদের নাম টলমল রায় এবং সুরজিৎ রায়। প্রথমজন বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের ও দ্বিতীয় জন ডায়না রেঞ্জের টোলগেট বিটে কর্মরত। এদিন সকালে কলাবাড়িতে প্রথমে দুটি হাতি ছিল। একটি লাগোয়া খেরকাটার জঙ্গলে ঢুকে গেলেও অন্যটি গোটা বাগান দাপিয়ে বেরানো শুরু করে। খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের কর্মীরা সেখানে যান। চারদিকে প্রচুর মানুষের ভিড়ে হাতিটিকে বাগে আনতে তাঁদের বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছিল। অতর্কিতে হাতিটি ধাওয়া করলে ওই দুই বনকর্মী জখম হন। বানারহাট সুস্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।



