Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাগরাকাটায় হাতির পালকে জঙ্গলে ফেরাতে দু’ঘণ্টা বন্ধ রেল চলাচল

নাগরাকাটায় হাতির পালকে জঙ্গলে ফেরাতে দু’ঘণ্টা বন্ধ রেল চলাচল
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: হাতির দলকে নির্বিঘ্নে জঙ্গলে ফেরাতে শনিবার নাগরাকাটায় দু’ঘণ্টা বন্ধ রাখা হল রেল চলাচল। এদিন নাগরাকাটার ডায়না সেতুর সামনের ঘটনা। ২৬টি হাতির একটি দলকে ক্যারন ও নাগরাকাটা  স্টেশনের মাঝবরাবর রেললাইন দিয়ে জঙ্গলে পাঠাতে দুপুরের দিকে ট্রেন চলাচল বন্ধ রাখে রেল। 
Advertisement
বনদপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, এদিন সকাল থেকে ক্যারন স্টেশন এলাকায় ডায়না সেতুর কাছে একটি হাতির দল দাঁড়িয়ে ছিল। সেকথা রেলকে জানিয়েছিলাম। তারা এই রুটে প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখে। ক্যারন স্টেশনের আধিকারিক মুকেশ নিরৌলা বলেন, আমরা বিষয়টি সমস্ত ট্রেনের চালকদের জানিয়ে দিয়েছিলাম।
বনদপ্তর জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভুটানের দিকের জঙ্গল থেকে বেরিয়ে আসে সবচেয়ে বড় দাঁতাল হাতি, যাকে বনদপ্তর নাম দিয়েছে বাঁয়া গণেশ। তারই নেতৃত্বে ২৬টি হাতির একটি দল রাত থেকেই ডায়না চা বাগানে অবস্থান করছিল। শনিবার সকালে এজন্য চা বাগানের একটি ডিভিশনে হাতির আতঙ্কে শ্রমিকরা কাজ করতে পারেননি। তারপর বেলা বাড়তেই  হাতির দলটি চা বাগানে ছোটাছুটি শুরু করে। বনকর্মীরা পটাকা ফাটিয়ে বাগানের এক জায়গায় জমায়েত করে সমস্ত হাতিকে ১৭ নম্বর জাতীয় সড়ক পার করিয়ে একটি ঝোপের মধ্যে নিয়ে আসেন। কিন্তু বাধ সাধে নাগরাকাটা- ক্যারন স্টেশনের মধ্যবর্তী রেল ট্র্যাক। সূত্রের খবর, এজন্য বেশকিছু ট্রেন আটকে গিয়েছিল বানারহাট ও নাগরাকাটা স্টেশনে। ওই সময় ট্রেন চলাচল করলে হাতি মৃত্যুর ঘটনা ঘটতে পারত। অতীতে বহু হাতি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে। এর আগে বনদপ্তরের থেকে খবর পেয়ে ট্রেনের চালকরা ট্রেন থামিয়ে বহু হাতিকে বাঁচিয়েছেন, সেই নজিরও আছে।  নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ