সংবাদদাতা, সাঁইথিয়া: সিউড়ি-১ ব্লকের নগরী গ্রামে সেচ ক্যানেলের উপর একটি সেতু ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি সারানোর জন্য প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও ফল হয়নি। ভাঙা সেতু দিয়েই ঝুঁকি নিয়ে ট্রাক থেকে শুরু করে ছোটবড় সমস্ত গাড়ি যাতায়াত করে। গ্রামবাসীরা বলেন, জরাজীর্ণ এই সেতুর দ্রুত সংস্কার করা দরকার। না হলে যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। পাতাডাঙা, নৌডিহা, পাঁচকাট সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই সেতুটি ব্যবহার করেন। অন্য একটি বিকল্প রাস্তা থাকলেও সিউড়ি শহরে যাতায়াতের জন্য এটিই সহজতম রাস্তা। বিকল্প রাস্তাটিও সংস্কারের অভাবে বেহাল। সে কারণে এই ভাঙা সেতুই ব্যবহার করেন অধিকাংশ গ্রামবাসী। স্বাভাবিক ভাবেই সেতুটির উপর চাপ বেড়েছে। সেতুটির একদিকের রেলিং ভেঙে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সিউড়ির সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা এই সেতু ব্যবহার করেন। সিউড়িগামী এই রাস্তার মধ্যে অনেকগুলো সেতু আছে। অধিকাংশ সেতুই বেহাল। তার মধ্যে এই সেতুটির অবস্থা সবচেয়ে করুণ। পড়ুয়ারা এই সেতু দিয়েই সাইকেল নিয়ে প্রতিদিন যাতায়াত করে। এই রাস্তায় খুব একটা বেশি গাড়ি চলাচল না করলেও সেতুর রেলিং না থাকায় বড় গাড়ি চলে এলে সেতুর আগেই দাঁড়িয়ে পড়তে হয়। একসঙ্গে দুটো গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। আমরা প্রশাসনের কাছে এই সেতুটি সংস্কারের দাবি জানাচ্ছি। এক সাইকেল আরোহী মধুসূদন বাউরি বলেন, আমরা এই ভাঙা সেতু দিয়েই যাতায়াত করি। স্কুলের ছোট ছেলেমেয়েরা এই সেতু দিয়ে যাতায়াত করে। সেতুর রেলিং না থাকায় যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটি একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে। স্থানীয় নগরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজরুল হোসেন খান বলেন, পঞ্চায়েত থেকে অ্যাকশন প্ল্যান ধরা আছে। এছাড়াও জেলা পরিষদকেও জানানো হয়েছে। যদি জেলা পরিষদ কাজ শুরু না করে, তবে পঞ্চায়েতের তরফ থেকে সেতু মেরামত করে দেব। -নিজস্ব চিত্র



