Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাচ ফিট হলেই স্কোয়াডে ফেরানো হবে নেইমারকে, বার্তা কোচ আনসেলোত্তির

আগামী বছর ফেব্রুয়ারিতে ৪২ বছরে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ২০২৬ বিশ্বকাপ চলাকালীন ৩৯ বছর পূর্ণ করবেন লায়োনেল মেসি।

ম্যাচ ফিট হলেই স্কোয়াডে ফেরানো হবে নেইমারকে, বার্তা কোচ আনসেলোত্তির
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: আগামী বছর ফেব্রুয়ারিতে ৪২ বছরে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ২০২৬ বিশ্বকাপ চলাকালীন ৩৯ বছর পূর্ণ করবেন লায়োনেল মেসি। তবে এই বয়সে মার্কিন মুলুকে দেশের জার্সিতে মাঠে নামবেন দুই মহাতারকা। আর এই দু’জনের পর বিশ্ব ফুটবলে যাঁর রাজত্ব করার কথা ছিল, সেই নেইমার আগামী বিশ্বকাপে খেলবেন কি না জানা নেই কারও। উল্লেখ্য, ব্রাজিলিয়ান তারকার বয়স এখন ৩৩। কিন্তু গত কয়েক বছর ধরেই তিনি ম্যাচ ফিটনেসের ধারেকাছে নেই। 

Advertisement

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে চলতি বছরের শুরুতে আল হিলাল ছেড়ে স্যান্টোসে ফিরেছিলেন নেইমার। লক্ষ্য ছিল, স্বদেশীয় ক্লাবটির হয়ে খেলে ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপানো। তবে গত ১১ মাসে চোটের কারণে একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। আর তার জেরে নেইমারকে বাদ দিয়েই দল বাছেন কোচ কার্লো আনসেলোত্তি। তাই প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আগামী শনিবার ফিফা ফ্রেন্ডলিতে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে আরও একবার নেইমারের প্রসঙ্গ উঠতেই বর্ষীয়ান কোচ সাফ জানান, ‘নেইমার ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার। ফলে ওকে নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। তবে কোচ হিসেবে ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে নজর রাখতে হয়। আর আধুনিক ফুটবলে ফিটনেসের কোনও বিকল্প নেই। তাই নেইমারকেও দেশের জার্সি গায়ে চাপাতে হলে ম্যাচ ফিট হতে হবে।’ বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছেন নেইমার, তাতে ২০২৬ বিশ্বকাপে খেলা কার্যত অসম্ভব। আনসেলোত্তির মন্তব্যেই তা স্পষ্ট। তবে এখনও হাতে কয়েক মাস সময় রয়েছে। নেইমার কি পারবেন নিজের জীবনযাপন বদলে পুরোপুরি ফুটবলে মনঃসংযোগ করতে? সংশয় থাকছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ