রিও ডি জেনেইরো: হাঁটুর চোট নিয়েই স্যান্টোসের হয়ে শেষ তিনটি ম্যাচ খেলেছিলেন নেইমার। দলকে অবনমনের হাত থেকেও রক্ষা করেন তিনি। তারপরই তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। সোমবার ডাক্তার রডরিগো লাসমারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হল নেইমারের। পুরোপুরি সুস্থ হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপরই বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়বেন সাম্বা তারকা। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতে সৌদি আরবের আল হিলাল ছেড়ে স্যান্টোসে ফিরেছিলেন তিনি। তবে সেভাবে ছন্দে দেখা যায়নি ব্রাজিলিয়ান তারকাকে। এরইমধ্যে কোচ কার্লো আনসেলোত্তি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে সাফ জানিয়ে দেন, পুরোপুরি সুস্থ হলেই নেইমারের কথা বিবেচনা করা হবে। তাই দেরি না করে ব্রাজিলিয়ান লিগ শেষ হতেই হাঁটুর অস্ত্রোপচার করালেন তিনি।



