রিও ডি জেনেইরো: নেইমার বনাম আনসেলোত্তির মধ্যে ঠান্ডা লড়াই অব্যাহত। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দু’টি ম্যাচে দলে জায়গা না পাওয়ার পরই জাতীয় কোচকে একহাত দিয়েছিলেন সেলেকাও তারকা। নেইমার সাফ জানিয়েছিলেন, তাঁর কোনও চোট নেই। তাই কোচ আনসেলোত্তির উচিত সঠিক কারণ সামনে আনা। এরপরই বর্ষীয়ান কোচ জানান, নেইমারকে দলে না রাখার সিদ্ধান্তটা পুরোপুরি টেকনিক্যাল। এবার এই নিয়ে ফের একবার মুখ খুললেন তিনি। এক সাক্ষাৎকারে আনসেলোত্তি জানান, ‘নেইমার আর উইঙ্গার হিসেবে খেলতে পারছে না। কারণ, মর্ডান ফুটবলে প্রান্তিক আক্রমণ গড়ে তুলতে যে পাওয়ার ও স্পিড দরকার, তা ওর নেই। তাই বর্তমানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সে অনেক বেশি সফল। এই বিষয়ে নেইমারের সঙ্গে আমার কথাও হয়েছে। তাই আগামী দিনে আর কোনও সমস্যা থাকা উচিত নয়।’ উল্লেখ্য, স্যান্টোসের হয়েও নেইমারকে মূলত সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনেই ব্যবহার করছেন কোচ হুয়ান পাবলো। সুতরাং, আগামী দিনে জাতীয় দলের হয়ে নেইমারকে বাঁ প্রান্তে ব্যবহার করার কোনও পরিকল্পনা নেই আনসেলোত্তির। এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান তারকার প্রত্যাবর্তনের পথটা যে আরও কঠিন হল, তা বলাই যায়।



