এবার ক্লাব ফুটবল থেকে অবসরের ইঙ্গিত নেইমারের
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্যান্টোস: ৫ জুলাই ২০২৬। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেদিনই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানিয়েছিলেন নেইমার। এবার ক্লাবের জার্সিতেও আর বেশিদিন খেলতে চাইছেন না তিনি। শুধুমাত্র চোট-আঘাতই এর কারণ নয়। সত্যি বলতে কি, ফোকাস তিনি হারিয়েছেন কয়েক বছর আগেই। সোমবার কিং কাপের এক পডকাস্টে হাজির হয়ে নেইমার বলেন, ‘২০৩০ সালে আবার এই প্রতিযোগিতা হবে। তবে ততদিন খেলতে পারব কিনা তা জানা নেই।’ সঞ্চালক কিছু জানতে চাইলে তাঁর বক্তব্য, ‘আমার মত চোট আপনার থাকলে বুঝতেন।’

Advertisement

বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে যোগ দেওয়ার পর থেকেই চোটপ্রবণ হয়ে পড়েন নেইমার। এই পর্বে তিনি খেলেছেন কম, মাঠের বাইরে থেকেছেন বেশি। ক্লাবের জার্সিতে সামান্য চোট পেলেই ব্রাজিল থেকে উড়ে আসতেন সিবিএফের চিকিৎসক রডরিগো লাসমার। তিনি নেইমারকে দেখেই লম্বা বিশ্রামের পরামর্শ দিতেন। আসলে, প্যারিসের মোহমায়া তাঁর খেলার ইচ্ছেটাকেই শুষে নিয়েছিল। বিশ্বকাপের আগে ছোটোবেলার ক্লাব স্যান্টোসে ফিরলেও লাভের লাভ কিছু হয়নি। মাত্র ৩৪ বছর বয়সেই তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হয়েছে। 
ক্লাব ফুটবল থেকে নেইমার অবসরের ইঙ্গিত দিতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ‘আমেরিকা বিশ্বকাপে খেলার জন্য নিজেকে পরিকল্পনামাফিক প্রস্তুত রাখেননি তিনি। কোচ কার্লো আনসেলোত্তির উপর চাপ ও প্রভাব খাটিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে হয় নেইমারকে।’