Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ কোটির লোভে অনলাইনে ৬৭ লক্ষ টাকা খোয়ালেন নিউটাউনের বাসিন্দা, নারায়ণপুর থানার হাতে গ্রেপ্তার রাঁচির যুবক

অনলাইনে শেয়ারে বাজারে বিনিয়োগের টোপ। ৬৭ লক্ষ টাকা বিনিয়োগ করলে নাকি কয়েক দিনেই মিলবে তিন কোটি টাকা! সেই লোভে পড়ে ৬৭ লক্ষ টাকা দিয়ে দেন নিউটাউনের এক বাসিন্দা।

৩ কোটির লোভে অনলাইনে ৬৭ লক্ষ টাকা খোয়ালেন নিউটাউনের বাসিন্দা, নারায়ণপুর থানার হাতে গ্রেপ্তার রাঁচির যুবক
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইনে শেয়ারে বাজারে বিনিয়োগের টোপ। ৬৭ লক্ষ টাকা বিনিয়োগ করলে নাকি কয়েক দিনেই মিলবে তিন কোটি টাকা! সেই লোভে পড়ে ৬৭ লক্ষ টাকা দিয়ে দেন নিউটাউনের এক বাসিন্দা। কিন্তু, তিন কোটি পাওয়া তো দূরের কথা, খোয়ালেন নিজের বিনিয়োগ করা অর্থও! প্রতারিত ব্যক্তি নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে নারায়ণপুর থানার পুলিস ঝাড়খণ্ডের রাঁচি থেকে এক যুবককে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সানি কুমার ওরফে মন্টু। এই চক্রে যুক্ত বাকিদের খোঁজ চলছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই প্রতারিত ব্যক্তি নিউটাউনের অ্যাকশন এরিয়া-২ ডি এলাকায় থাকেন। এপ্রিল মাসে প্রতারকরা তাঁকে ফোন করে অনলাইনে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন। সেজন্য তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ওই ব্যক্তি সরল বিশ্বাসে সেই অ্যাপ ডাউনলোড করেন। তারপর নিজের মোবাইলে সেটি ইন্সস্টলও করেন। তারপর প্রতারকরা তাঁকে জানান, ৬৭ লক্ষ ৪৫ হাজার টাকা বিনিয়োগ করলে কিছুদিনের মধ্যেই ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার ২৫০ টাকা ১৪ পয়সা মিলবে। সেই লোভে তিনি ৬৭ লক্ষ ৪৫ হাজার টাকা বিনিয়োগ করেন।
কিন্তু, পরে কোনও টাকাই পাননি। তখন মে মাসে তিনি নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, প্রতারণার ৬৭ লক্ষ টাকার মধ্যে ঝাড়খণ্ডের মন্টুর বিজনেস অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা ঢুকেছে। তারপরই মন্টুকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, চেকবুক, একটি ফোন, দু’টি সিমকার্ড সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ