Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউন: ডায়ারিয়ার প্রকোপ! শতাধিক আবাসিক আক্রান্ত সাপুরজিতে

নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনে ডায়ারিয়ার প্রকোপ! আবাসিকদের অভিযোগ, গত কয়েকদিনে ডায়ারিয়ায় শতাধিক আবাসিক আক্রান্ত হয়েছেন।

নিউটাউন: ডায়ারিয়ার প্রকোপ! শতাধিক আবাসিক আক্রান্ত সাপুরজিতে
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনে ডায়ারিয়ার প্রকোপ! আবাসিকদের অভিযোগ, গত কয়েকদিনে ডায়ারিয়ায় শতাধিক আবাসিক আক্রান্ত হয়েছেন। দেড় বছরের শিশু থেকে অশীতিপর— বাদ যাননি কেউই। চিকিৎসাও চলছে তাঁদের। নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার না করা, জল দূষণ সহ একাধিক অভিযোগ তুলে সোমবার সকালে ই-ব্লকের একদল আবাসিক বিক্ষোভ দেখান। ওই আবাসনের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। যদিও ফেসিলিটি ম্যানেজারের দাবি, বিষয়টি নজরে আসার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওভারহেড ট্যাঙ্ক সবই সাফাই করা হচ্ছে।

Advertisement

আবাসিকদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্কগুলি নিয়মিত পরিষ্কার না হওয়ায় জল দূষিত হয়েছে। সেকারণেই এই সমস্যা। বেশ কয়েকদিন ধরেই আবাসিকরা পেটের সমস্যায় ভুগছেন। পেট খারাপের সঙ্গে অনেকের জ্বরও এসেছে। সকলেই স্থানীয় চিকিৎসক এবং হাসপাতালের দ্বারস্থ হয়েছেন। সকলের একসঙ্গে শরীর খারাপ হওয়ায় চিকিৎসকরা বুঝতে পারেন, তাঁরা ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। এক মহিলা আবাসিক বলেন, তাঁর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সে এখন কার্যত শয্যাশায়ী। ফলে স্কুলের বার্ষিক পরীক্ষাও দিতে যেতে পারেনি। আবাসনের ৭৬ বছরের এক বৃদ্ধার কথায়, তিনি গত দু’বছর ধরে এখানে রয়েছেন। জল নিয়ে তিনি আতঙ্কিত। যদি এইরকম অবস্থা চলতে থাকে, তাহলে কী করে থাকবেন? তাঁর কথায়, জল তো সবার প্রয়োজন। তাই জল যাতে দূষিত না হয়, তার ব্যবস্থা করতে হবে। আবাসিকদের দাবি, তাঁরা গত কয়েকদিন ধরেই আবাসনের ফেসিলিটি ম্যানেজারকে বিষয়টি জানাচ্ছিলেন। কিন্তু তিনি আমল দেননি। প্রতিবাদে এদিন সকালে একদল আবাসিক ওই ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান।
ওই ফেসিলিটি ম্যানেজার আবাসিকদের জানান, পিএইচই কর্তৃপক্ষ এখানে পানীয় জল সরবরাহ করে। তাদের বিষয়টি জানানো হয়েছে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পরিষ্কার করা হয়েছে। আবাসনে মোট ১৪১টি ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ২০টি পরিষ্কার করা হয়েছে। বাকিগুলিও পরিষ্কার করা হবে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ