সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে একাধিক জায়গায় ট্রান্সফরমারের সঙ্গে বাঁধা হয়েছিল পুজোর গেট, সোমবার বর্তমান-এ এই খবর প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে বারুইপুর পুলিশ জেলা প্রশাসনের। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছিলেন এলাকার লোকজন। বারুইপুর থানার পুলিশ যে সব জায়গায় এই কাজ করা হয়েছে সেই এলাকায় যায়। পুলিশের নির্দেশে দ্রুত বাঁশের কাঠামো ট্রান্সফরমার ও বৈদ্যুতিক পোস্ট থেকে খুলে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ গেট-শিল্পীদের কড়া ভাষায় সতর্ক করে বলেন, এই কাজ বরদাস্ত হবে না। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, পুজো কমিটিগুলিকেও এই ব্যাপারে সতর্ক করে নোটিস দেওয়া হবে। যেখানে দুর্ঘটনা হতে পারে, মানুষের সমস্যা হবে তেমন কাজ করা যাবে না। প্রসঙ্গত, কুলপি রোডে বারুইপুর পুলিশ জেলার সুপার ও মহকুমা শাসকের অফিসের সামনে ছাড়াও রেলগেট সংলগ্ন কালীতলা মোড়ে, পুরাতন বাজার থেকে জয়নগর যাওয়ার রাস্তায়, পদ্মপুকুর মোড় যাওয়ার রাস্তায় বৈদ্যুতিক পোস্ট ও ট্রান্সফরমারের সঙ্গে বাঁধা হয়েছিল পুজোর গেট। এতে দুর্ঘটনার আশঙ্কা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এলাকার লোকজন। নিজস্ব চিত্র



