নার্সিংহোমের ছাদে বিদ্যুতের খুঁটির পাশে তীব্র রোদে সদ্যোজাতরা, বর্ধমান শহরে উঠছে প্রশ্ন
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নার্সিংহোমের ছাদ ঘেঁষে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। অসংখ্য তার বেরিয়ে রয়েছে। পাশ দিয়েই চলে গিয়েছে ব্যস্ত রাস্তা।  ধুলো উড়ে ছুটছে একের পর এক গাড়ি। কান ফাটানো শব্দে মাঝেমধ্যেই হর্ন বাজানো হচ্ছে। এখনও সেভাবে শীত পড়েনি। তবে নার্সিংহোমের ছাদে হালকা হাওয়া বইছে। আবার রোদের তাপে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। অথচ সেই ছাদেই রেলিংয়ের পাশে রোদে রেখে দেওয়া হয়েছে সদ্যোজাত তিনটি শিশুকে। ধারেপাশে কেউ নেই, রোদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সমানে শিশুরা কেঁদে চলছে। বর্ধমান থানার কাছে একটি নার্সিংহোমের এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছেন চিকিৎসা করতে আসা রোগীর পরিবারের লোকজন। 

Advertisement

নার্সিংহোমে এসেছিলেন অভিজিৎ দাস নামে এক রোগীর আত্মীয়। তিনি বলেন, সদ্যোজাত  শিশুগুলিকে এভাবে রাখতে দেখে  চমকে উঠেছিলাম। ছাদের উপর কেউ নেই, শুধু শিশুগুলিকে রাখা হয়েছে। দুপুর প্রায় ১২টার টার সময় রোদের মধ্যে বড়দেরই ছাদে দাঁড়িয়ে থাকতে  থাকতে সমস্যা হচ্ছিল। অথচ শিশুগুলিকে   সেখানে রাখা হয়েছে। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তার থেকে ধুলো উড়ে আসছে।  এই নার্সিংহোমের উলটোদিকেই থানা। অনবরত গাড়ির হর্ন বেজে চলছে। নার্সিংহোম কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন কাণ্ড  অবাক করেছে। চিকিৎসক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, তীব্র রোদ বা ধুলোর মধ্যে সদ্যোজাতদের কয়েক মিনিটও রাখা উচিত নয়। এক থেকে দেড় মাসের বাচ্চাদের চিকিৎসকদের পরামর্শমতো কিছুক্ষণ রোদে রাখা যেতে পারে। সেটাও সকালের দিকে। দুপুরে কখনোই নয়। 
 বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে সদ্যোজাতদের কখনোই রাখা যায় না। সদ্যোজাতদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নার্সিংহোম কর্তৃপক্ষের অবশ্য দাবি, ছাদে আয়া ছিলেন। তাঁরা শিশুগুলিকে দেখভাল করছিলেন।
 বিজেপি নেতা অনীশ দাস বলেন, বর্ধমানের একশ্রেণির নার্সিংহোম কর্তৃপক্ষ কোনোকিছুর তোয়াক্কা করছেন না। তাঁরা নিজেদের ইচ্ছামতো যা খুশি করছেন। সদ্যোজাতদের জীবন নিয়েও ছিনিমিনি খেলতে পিছু হটছেন না। এ ধরনের অমানবিক কাজ যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, ঠিকমতো নজরদারি চললে এই জিনিস হতে পারে না। যেভাবে রাখা হয়েছে সেই ভিডিও দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। সভ্য সমাজে এমনটা হতে পারে না। জেলা স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, কোনো অভিভাবক লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নিতে সুবিধা হয়। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের স্বাস্থ্যের হাল ফেরাতে লাগাতার অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে দু’টি নার্সিংহোম বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরও হুঁশ ফিরছে না অনেকেরই।-নিজস্ব চিত্র