নার্সিংহোমের পাশে সদ্যোজাতের মৃতদেহ, নাবালিকাকে ঘিরে রহস্য
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাবালিকার সন্তান প্রসব এবং সেই সন্তানকে নার্সিংহোমের জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া! দুই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তরপাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে উত্তরপাড়ার ১৫নম্বর ওয়ার্ডের ওই নার্সিংহোমের কাছে এক সদ্যোজাতের দেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগ, ততক্ষণে নার্সিংহোমের এক কর্মী এসে সদ্যোজাতের দেহ তুলে নিয়ে চলে যায়। এনিয়ে হইচই শুরু হতেই প্রকাশ্যে আসে আরেক কাণ্ড। জানা যায়, শুক্রবার রাতে অসহ্য পেটব্যথা নিয়ে হাওড়ার বাসিন্দা এক নাবালিকাকে ওই নার্সিংহোমে ভরতি করানো হয়। সেই নাবালিকাই শনিবার সকালে সন্তান প্রসব করে। নার্সিংহোমের একাংশের দাবি, ওই নাবালিকা শৌচাগারে গিয়ে সন্তান প্রসব করে। তারপর জানালা দিয়ে ফেলে দেয়। বাড়ির লোকের কাছে গর্ভধারণের বিষয়টি গোপন করতেই সে ওই পদক্ষেপ করেছিল। তাৎপর্যপূর্ণভাবে হাসপাতালের কর্ত্রী তথা চিকিৎসক সুচেতা মুখোপাধ্যায় দাবি করেছেন, ওই নাবালিকা যে গর্ভবতী ছিল, তা তাঁরা বুঝতে পারেননি। একই দাবি করেছে ওই নাবালিকার পরিবার। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নাবালিকা কোনো মন্তব্য করেনি। তবে গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নাগরিকদের একাংশ। তাঁদের দাবি, অতীতেও ওই নার্সিংহোম সংলগ্ন এলাকায় অপরিণত ভ্রুণ পাওয়া গিয়েছে। এনিয়ে উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, ‘কোনো অনিয়ম করে কেউ পার পাবে না। আমরা ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করব। যাঁরা অন্যায় করছেন, অন্যায়কে তোল্লাই দিচ্ছেন, সবাইকে গারদে পুরব। কোনো নথি ছাড়াই ওই নাবালিকাকে ভরতি করা হয়েছিল। সেটাও সন্দেহজনক।’ উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। হাওড়ার সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে। 

Advertisement