অভিষেক ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, দুর্ধর্ষ ব্যাটিং বৈভবেরও  ৬ উইকেটে জয়  টি-২০ সিরিজ ভারতের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েলিংটন: অবিশ্বাস্য অভিষেক। বিধ্বংসী বৈভব। দু’জনের দাপটে কিউয়ি পাখির ডানা ছাঁটল ভারত। ১৯৯ তাড়া করে জয় এল ৬ উইকেটে, ৪০ বল বাকি থাকতে। মারমার কাটকাট শতরানে নায়ক অভিষেক শর্মা (১১৩)। সঙ্গতে বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী (৪৫)। ওপেনিংয়ে সুনামির গতিতে ওঠে ১৩৩। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে শ্রেয়স আয়ার ব্রিগেড আপাতত ৩-০ এগিয়ে। সিরিজ নিশ্চিত হওয়ায় পরের দুই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতেই পারে টিম ম্যানেজমেন্ট। অকল্যান্ডে শুক্রবার সিরিজের চতুর্থ টি-২০। তবে তার আগে এদিনের জয় নিঃসন্দেহে আতঙ্ক ছড়াবে হোম টিমের ড্রেসিং-রুমে। প্রায় দুশো রানের টার্গেটে যে অবলীলায় পৌঁছাল ভারত, তাতে মিচেল স্যান্টনারদের রাতের ঘুম উড়ে যাওয়ারই কথা। ২.২ ওভারে ৫০, ৫ ওভারে ১০০। পাওয়ার প্লে’র ছয় ওভারের শেষে স্কোর ১১৮-০, যা পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেট নাকি পাড়ার মাঠে খেলা হচ্ছে, তা তখন বোঝা মুশকিল। ৭.৪ ওভারে এল দেড়শো, এটাও বিশ্বরেকর্ড। বৈভব ও অভিষেক ফেরার পর জয়ের চৌকাঠ পেরতে অবশ্য কিছুটা সময় লাগে ক্যাপ্টেন শ্রেয়স (৫) ও সঞ্জু স্যামসন (১৮) আউট হওয়ায়। তবে তার অনেক আগেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল।

Advertisement

রান তাড়ার পয়লা ওভারেই ওঠে ২৬। পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে পূর্ণসদস্য দেশের মধ্যে খেলায় যা সর্বাধিক। তিন নম্বর থেকে প্রমোশন পেয়ে ওপেন করতে নামা বৈভবের ব্যাটেই শুরু হয় তাণ্ডব। ১৫ বছর বয়সির খেলাতেই স্পষ্ট কেন এমন প্রতিভাকে ডাগ-আউটে বসিয়ে রাখা অপরাধ। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪৫, গ্যালারি মাতিয়ে দিল বৈভবের ইনিংস। অভিষেক আবার গ্যালারিতে শুরু করলেন ছক্কার বৃষ্টি। ২৯৭.৩৬ স্ট্রাইক রেটে তাঁর ৩৮ বলের ইনিংস সাজানো ১১টি ছক্কা ও ৯টি চারে। অভিষেক-বৈভব যুগলবন্দিতে মাত্র ৭.১ ওভারে ওঠে ১৩৩ রান। জেকব ডাফি, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসনদের তখন রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি দশা।
১৫ বলে পঞ্চাশের পর টি-২০ কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে পৌঁছাতে অভিষেক নেন ৩৫ ডেলিভারি। তাঁর প্রতাপে এদিন বৈভবকেও দেখায় মন্থর! দু’পাশের কম দূরত্বের সীমানাকে দারুণভাবে কাজে লাগান অভিষেক। ওভারপ্রতি দশের আস্কিং রেট নিয়ে নামা ভারত জয়ী হয় ১৩.২ ওভারে। শ্রেয়স বল নষ্ট না করলে আরও আগেই আসত জয়।
তার আগে চলতি সিরিজে টস জেতার হ্যাটট্রিক করেন ভারতীয় অধিনায়ক। ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল (৫২ বলে ৮৯), ফিন অ্যালেন (২৫ বলে ৪০), বেভন জেকবসের (২৩ বলে ৩৯) সুবাদে তিন উইকেটে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও নীতীশ কুমার রেড্ডি।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১৯৮-৩ (মিচেল ৮৯, অ্যালেন ৪০, জেকবস ৩৯)। ভারত ১৩.২ ওভারে ১৯৯-৪ (অভিষেক ১১৩, বৈভব ৪৫, জেমিসন ২-৪৫)। ভারত জয়ী ৬ উইকেটে। ম্যাচের সেরা অভিষেক শর্মা।