সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া পুরসভার চেঙ্গাইল, বাউড়িয়া, যদুবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প চলছে। এর জন্য একটি ১ মিলিয়ন গ্যালন, একটি .৮ মিলিয়ন গ্যালন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এবং ৩টি ওভারহেড রিজার্ভার তৈরি করছে উলুবেড়িয়া পুরসভা। পাশাপাশি ৫৪ কিলোমিটার পানীয় জলের পাইপ লাইন পাতা হবে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, কেএমডিএ’র অম্রুত প্রকল্পে এই কাজে ব্যয় হবে ৭৯ কোটি টাকা। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য ২৪ নম্বর ওয়ার্ডে একটি জল প্রকল্প আছে। সেখানে দু’টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে প্রতিদিন যথাক্রমে ১০ মিলিয়ন গ্যালন ও ৪ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপন্ন হয়। ওয়ার্ডে ওয়ার্ডে জল সরবরাহের জন্য জগদীশপুরে ১.২ মিলিয়ন গ্যালন জল ধারণ ক্ষমতাসম্পন্ন একটি এবং চেঙ্গাইলে একটি ১ মিলিয়ন গ্যালন জল ধারণ ক্ষমতাসম্পন্ন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে। তা সত্ত্বেও চেঙ্গাইল, বাউড়িয়া ও উলুবেড়িয়ায় কয়েকটি ওয়ার্ডে জলের সমস্যা হচ্ছিল। আর সেই কারণে নতুন করে আন্ডারগ্রাউন্ড ও ওভরাহেড রিজার্ভার নির্মাণ করা ছাড়াও পাইপ লাইন পাতা হচ্ছে। উলুবেড়িয়া পুরসভার সূত্রে খবর, নতুন এই প্রকল্পে জগদীশপুরে একটি .৮ মিলিয়ন গ্যালন এবং চেঙ্গাইলে একটি ১ মিলিয়ন গ্যালন জল ধারণ ক্ষমতাসম্পন্ন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা হচ্ছে। এর পাশাপাশি ৬ , ১০ এবং ৩১ নং ওয়ার্ডে একটি করে ওভারহেড রিজার্ভার তৈরি করা হচ্ছে। সেইসঙ্গে ৫৪ কিলোমিটার এলাকায় নতুন করে পাইপ লাইন পাতার কাজ চলছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও জলদপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ জানান, প্রকল্পের কাজ শেষ হলে পুরসভার ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৯, ২৯, ৩০, এবং ২৮ ও ৩১ নং ওয়ার্ডের একটি অংশে পানীয় জলের সমস্যা মিটে যাবে। শুধু এই কয়েকটি ওয়ার্ড নয়। আগামী দিনে গোটা পুর এলাকায় পানীয় জলের সমস্যা মিটে যাবে। তবে পানীয় জল অপচয় বন্ধে পুর এলাকার নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান অভয় দাস ও আকবর শেখ। নিজস্ব চিত্র