Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শীঘ্রই চলবে নয়া ট্রেন, হলদিবাড়ি থেকে যাবে সবজি, গঙ্গারামপুর থেকে আসবে দই

এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার সরাসরি কোনো ট্রেন ছিল না। শিলিগুড়িতে পৌঁছে তারপর বালুরঘাট যাওয়ার ট্রেন মিলত।

শীঘ্রই চলবে নয়া ট্রেন, হলদিবাড়ি থেকে যাবে সবজি, গঙ্গারামপুর থেকে আসবে দই
  • ৭ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার সরাসরি কোনো ট্রেন ছিল না। শিলিগুড়িতে পৌঁছে তারপর বালুরঘাট যাওয়ার ট্রেন মিলত। অবশেষে বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়ি থেকে বালুরঘাটে যাওয়ার ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যেই রেলবোর্ডের অনুমোদন মিলেছে। সব ঠিকঠাক থাকলে ১০ মার্চ থেকে যাত্রা শুরু করবে ওই নয়া ট্রেন। হলদিবাড়ি থেকে প্রতিদিন ভোর ৫টায় ছাড়বে ট্রেনটি। বালুরঘাটে পৌঁছবে দুপুর ৩টে ১০ মিনিটে। এর ফলে এবার থেকে এক ট্রেনেই সহজে হলদিবাড়ির আলু, টম্যাটো, লঙ্কা সহ অন্যান্য সবজি পৌঁছে যেতে পারবে দক্ষিণ দিনাজপুরে। আবার গঙ্গারামপুরের ক্ষীর দই কিংবা বালুরঘাটের বিখ্যাত ডালের বড়ি বিক্রির জন্য জলপাইগুড়িতে নিয়ে আসতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

Advertisement

শুধু তাই নয়, হলদিবাড়ি থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার কারণে জলপাইগুড়ি মেডিকেলে আসে। বর্তমানে একটি লোকাল ট্রেন থাকলেও তা সকাল ৮টায় জলপাইগুড়িতে পৌঁছয়। নয়া ট্রেনে ভোর সাড়ে ৫টার মধ্যে হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে পৌঁছে যাওয়া যাবে। ফলে যাঁরা জলপাইগুড়ি মেডিকেলে আউটডোরে ডাক্তার দেখাতে আসবেন, তাঁরা সকাল সকাল পৌঁছে যেতে পারবেন। উত্তরবঙ্গ মেডিকেলে যেতে চাইলে ওই ট্রেনেই এক ঘণ্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এনজেপি বা শিলিগুড়ি জংশনে। 
বালুরঘাটগামী ট্রেনটি ছাড়াও কোচবিহারের বামনহাট পর্যন্ত আরো একটি ট্রেন হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে। এটি প্রতিদিন ভোর সাড়ে ৪টেয় হলদিবাড়ি থেকে ছাড়বে। ফলে আধ ঘণ্টার ব্যবধানে দু’টি ট্রেন চালু হতে চলায় হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে ব্যবসা বা চাকরি সূত্রে যাওয়া নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে। বামনহাটগামী ট্রেনটি শিলিগুড়ি, সেভক, নিউ মাল হয়ে অর্থাৎ ডুয়ার্সের পথ ধরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার দিয়ে পৌঁছবে বামনহাট। এতদিন জলপাইগুড়ি থেকে সেভক যাওয়ার কোনো ট্রেন ছিল না। নয়া ট্রেনে সেই সুবিধা মিলবে। দু’টি ট্রেনই এতদিন শিলিগুড়ি পর্যন্ত চলত। হলদিবাড়ি ও জলপাইগুড়িবাসীর দাবি পূরণে ট্রেন দু’টির যাত্রাপথ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। 
শুক্রবার জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শন আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম কীরেন্দ্র নারা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, রেলবোর্ডের অনুমোদন মিলেছে। সাংসদ সময় দিলে আনুষ্ঠানিক উদ্বোধনের পরই ট্রেন দু’টি চলতে শুরু করবে। দিনক্ষণ বলতে না চাইলেও কয়েকদিনের মধ্যেই ট্রেন দু’টি চালু হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। 
হলদিবাড়ির পূর্বপাড়ার বাসিন্দা বরুণ দাস। হলুদ, মশলার ব্যবসা করেন। জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে বলেন, এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে বালুরঘাটে যাওয়ার কোনো ট্রেন ছিল না। এখন এক ট্রেনেই আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা দক্ষিণ দিনাজপুরে পৌঁছে যেতে পারবেন। গঙ্গারামপুর থেকে দই কিংবা বালুরঘাট থেকে ডালের বড়ি নিয়ে এসেও আমরা জলপাইগুড়ি, হলদিবাড়িতে ব্যবসা করতে পারব। হলদিবাড়ির সবজি বিক্রেতা মহাদেব বণিক বলেন, এখন জলপাইগুড়িতে সবজি নিয়ে এসে বাজারে বসতে বসতে সকাল ৯টা বেজে যায়। নতুন ট্রেন চালু হলে আমরা অনেক সকালে বাজারে বসতে পারব। এতে বিক্রিবাটা ভালো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ