Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর ঘোষণার একমাসের মধ্যেই, আগামী সপ্তাহ থেকেই নতুন মহকুমা ফরাক্কা, খুশির হাওয়া

মুখ্যমন্ত্রীর ঘোষণার একমাসের মধ্যেই, আগামী সপ্তাহ থেকেই নতুন মহকুমা ফরাক্কা, খুশির হাওয়া
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামী সপ্তাহেই মুর্শিদাবাদ জেলায় নতুন মহকুমা হিসেবে ‘ফরাক্কা’ আত্মপ্রকাশ করবে। চারটি ব্লক ও একটি পুরসভা এলাকা নিয়ে গঠিত হচ্ছে এই মহকুমা। থাকছে তিনটি থানা এলাকা। জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভা, ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও ২ব্লক নিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করবে এই নয়া মহকুমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে এসে গত ৬মে সূতির ছাবঘাটির প্রশাসনিক সভা থেকে নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার একমাসের মধ্যেই নতুন মহকুমা পাচ্ছে জেলাবাসী। সর্বত্র খুশির হাওয়া।

Advertisement

এই চারটি ব্লক ও একটি পুরসভা এতদিন জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ছিল। জনসংখ্যা বেড়ে যাওয়ায় জঙ্গিপুরের মহকুমা শাসকের কাছে এই বিস্তীর্ণ মহকুমার প্রশাসনিক কাজকর্ম চালানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষকেও এসডিও অফিসে গিয়ে কোনও কাজ মেটাতে সমস্যায় পড়তে হতো। মুখ্যমন্ত্রী এক নিমেষেই সেই সমস্যার সমাধান করেন। মজবুত প্রশাসন গড়ার লক্ষ্যে সূতির ছাবঘাটির কেডি বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান থেকে নতুন মহকুমার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, প্রশাসনকে আরও মজবুত করার জন্য সূতি, ধুলিয়ান ও ফরাক্কা নিয়ে নতুন মহকুমা তৈরি করা হচ্ছে। একমাসের মধ্যে নতুন মহকুমার কাজ শুরু হবে। স্থানীয় মানুষদের কষ্ট করে আর দূরে যেতে হবে না। 
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এনিয়ে তৎপরতা শুরু হয়েছিল। নবান্ন থেকে জেলাশাসকের কাছে আগেই প্রতিটি ব্লকের জনসংখ্যা এবং অন্যান্য পরিকাঠামোগত তথ্য চেয়ে পাঠানো হয়। নতুন মহকুমা শাসকের জন্য অফিস এবং তাঁর বাসস্থান তৈরির কথা উল্লেখ করা হয়েছে। যতদিন না তা তৈরি হচ্ছে, জরুরি ভিত্তিতে তাঁর অফিস এবং বাসস্থান কীভাবে ব্যবস্থা করা যায়, সেজন্য দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নবান্নের নির্দেশের পরেই জেলা প্রশাসন ঝাঁপিয়ে পড়ে। একমাসের মধ্যেই কাজ শুরু করছে ফরাক্কা মহকুমা।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, নবান্ন থেকে আসা নির্দেশিকা মতো আমরা দ্রুত নতুন মহকুমা গঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছি। প্রাথমিকভাবে বেশকিছু তথ্য চেয়ে পাঠানো হয়। সেগুলি আমরা নবান্নকে পাঠানোর পর পরবর্তী কাজের নির্দেশ আসে। নবান্নের নির্দেশ মতো নতুন মহকুমার কাজ শীঘ্রই শুরু হবে। আপাতত নতুন মহকুমায় ৩০জন আধিকারিক এবং প্রায় ১৫০জন স্থায়ী ও অস্থায়ী কর্মচারী নিয়ে কাজ শুরু করবে মহকুমা শাসকের দপ্তর।
অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ বলেন, খুব তাড়াতাড়ি নতুন মহকুমা হিসেবে ফরাক্কা কাজ শুরু করবে। প্রশাসনিকভাবে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের নতুন মহকুমা উপহার দিচ্ছেন। জেলাবাসী খুবই খুশি। ফরাক্কার মানুষকে বহুদূর থেকে জঙ্গিপুরে আসতে হয়। এবার থেকে তা আর হবে না। ওই এলাকার মানুষের খুব সুবিধা হবে। তবে সূতি-১ব্লকের কিছুটা অংশ রঘুনাথগঞ্জ লাগোয়া। সেখানকার গ্রামের বাসিন্দারা চাইছেন জঙ্গিপুর মহকুমায় থাকতে। তাঁদের দাবির কথা জেলা প্রশাসনকে জানাব। সার্বিক মানুষের সুবিধার জন্য এটা করা হচ্ছে। প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে আরও সুবিধা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ