Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বড় কাছারি মন্দির চত্বরে নতুন দোকান, বসেছে ফোয়ারা-আলো

গত বছর বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিষ্ণুপুর-২ ব্লকের বাখরাহাটের কাছে বড় কাছারি মন্দিরের প্রায় সব দোকান।

বড় কাছারি মন্দির চত্বরে নতুন  দোকান, বসেছে ফোয়ারা-আলো
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত বছর বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিষ্ণুপুর-২ ব্লকের বাখরাহাটের কাছে বড় কাছারি মন্দিরের প্রায় সব দোকান। এবার একেবারে নতুন রূপে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে শাটার দেওয়া স্থায়ী দোকান। মন্দিরের পুকুরের ধারে নতুন আলো বসিয়ে সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়েছে। পুজোর পরই ব্যবসায়ীদের হাতে নতুন দোকানগুলি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ থেকে প্রায় ৬ কোটি টাকা খরচ করে এই কাজ করা হয়েছে। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। প্রশাসনের দাবি, এবার যাঁরা আসবেন মন্দিরে, তাঁরা নবরূপে সজ্জিত মন্দির প্রাঙ্গণ দেখতে পাবেন।

Advertisement

একটা সময় এই মন্দিরে টিনের ছাউনি, ত্রিপল ঘেরা দোকান থেকেই হতো বিকিকিনি। সেটা খুব বেশি দৃষ্টি নন্দন ছিল না বলেই অভিযোগ করতেন সাধারণ মানুষ। বছরের পর বছর জেলা পরিষদের জায়গায় এভাবেই দোকান চলে এসেছে। কিন্তু গত বছর লোকসভা ভোটের ঠিক আগে আগুনে সব দোকান ভস্মীভূত হয়ে যায়। এরপরই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসন বৈঠক বসে। সিদ্ধান্ত হয়, নতুন করে সব দোকান তৈরি করা হবে। পুড়ে যাওয়া ৭০টির বেশি দোকান নির্মাণ করা হয়েছে। মন্দিরের পুকুরে বসানো হয়েছে ফোয়ারা। রাতে আলোর খেলায় তা নতুন মাত্র যোগ করেছে। পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে। হাঁটার জায়গায় বসানো হয়েছে রঙিন কংক্রিটের ব্লক। সব মিলিয়ে আমূল বদলে গিয়েছে পরিবেশ।
 প্রশাসনের মতে, কাজ প্রায় শেষের দিকে। পুজো গেলেই উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে। দোকানদারদের আর অসুবিধে হবে না। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ