নিজস্ব প্রতিনিধি, বারাসত: অনাস্থা ভোটে হাবড়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বদল হল। বুধবার নেহাল আলিকে সরিয়ে নতুন সভাপতি নির্বাচিত হলেন গায়ত্রী ঘোষ। ২১ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ জন। তাঁদের সম্মতিতেই গায়ত্রীকে সভাপতি নির্বাচিত করা হয়।

রাজ্যে পালাবদলের পর থেকে পঞ্চায়েত সমিতির দপ্তরে আসেননি প্রাক্তন সভাপতি নেহাল। অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে একাধিক উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকদিন আগে মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশ। গত ১১ সেপ্টেম্বর সেই প্রস্তাব জমা পড়ে। মহকুমা শাসকের নির্দেশে বুধবার অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ২১ জন সদস্যের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন। পরে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও সম্পন্ন হয়। বেড়গুম ১ পঞ্চায়েত এলাকা থেকে জিতে পঞ্চায়েত সমিতিতে আসা গায়ত্রী ঘোষকেই সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে গায়ত্রী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পরই তাঁকে সভাপতির চেয়ারে বসে দায়িত্ব বুঝে নিতে দেখা যায়। তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত সদস্য। তিনি বলেন, এলাকার উন্নয়নের কাজ থমকে থাকবে না। আগামী দিনেও সবাইকে নিয়ে কাজ চালিয়ে যাওয়াই আমার লক্ষ্য। অন্যদিকে হাবড়া ১ বিডিও সুবীর দণ্ডপাট বলেন, মহকুমা শাসকের নির্দেশ মেনে নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত গায়ত্রী দেবী। নিজস্ব চিত্র