নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের কলেজগুলিতে নতুন কোর্স শুরুর জন্য একটি পোর্টাল চালু করছে উচ্চশিক্ষা দপ্তর। সোমবার এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামিকাল, বুধবার সকাল ১০টায় উচ্চশিক্ষা সংসদে subjectaffiliation.wb.gov.in পোর্টালটির উদ্বোধন হবে। এর মাধ্যমে সরকারি এবং বেসরকারি, দু-ধরনের কলেজই নতুন কোর্স চালুর আবেদন করতে পারবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রযুক্তি ব্যবহার করে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন, সেই লক্ষ্যে আরো একধাপ এগনো গেল বলেই মত শিক্ষামন্ত্রীর।
নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন, ‘এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই কলেজগুলিতে নতুন কোর্স চালু করা যাচ্ছে না। এখন অনেক নতুন যুগোপযোগী কোর্স এসেছে। সেগুলি এবার চালু করা সম্ভব হবে। তবে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিও যাতে এই ব্যাপারে দ্রুত অনুমোদন দেয়, সেই আবেদনও রাখছি।’ রাজ্যের কলেজগুলিতে প্রায় সাড়ে ৯ লক্ষ আসন রয়েছে। তার অর্ধেক পূরণ করতে গিয়েই কলেজগুলির নাজেহাল অবস্থা হয়। বিশেষ কিছু বিষয়ে কোনো কলেজে একজন পড়ুয়াও ভরতি হন না, এমন নজিরও রয়েছে। একসময় দারুণ চাহিদা থাকা বেশকিছু বিষয়ে দু-তিনজন পড়ুয়া ভরতি হন। শিক্ষা বিশেষজ্ঞদের দাবি, যুগোপযোগী কোর্স চালু করা গেলে এই পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। সম্প্রতি স্কুল স্তরে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করেছে দপ্তর। এবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও এক বড়ো পদক্ষেপ করল বিকাশ ভবন।